মুক্তদেশ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। আর ‘কুড়িয়ে-কুড়িয়ে’ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ব যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমরা পিছিয়ে পড়ছি। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে দূরদর্শী ও সৎ নেতৃত্ব প্রয়োজন।
তিনি আরও বলেন, ম্যানচেস্টারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং কোনোভাবেই তা বন্ধ হতে দেওয়া হবে না। কেউ বন্ধ করলে আবার চালু করা হবে।
তিনি বলেন, দুর্নীতি দূর হলেই দেশের উৎপাদনশীলতা বাড়বে, শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে। যুবকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। যুবকরাই বাংলাদেশ এটি শুধু মুখের কথা নয়, বুকের কথা।
৫ আগস্টের প্রসঙ্গে তিনি বলেন, যারা বুক চিতিয়ে জাতির স্বাধীনতা এনে দিয়েছে, জাতি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে।
কুলাউড়ার ভূ-প্রকৃতি প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়-পর্বত, সমতল ভূমি, নদী-নালা মিলিয়ে কুলাউড়া আল্লাহর এক বিশাল নিয়ামত। এই এলাকার সব শ্রেণির মানুষকে বুকে নিয়ে তিনি সামনে এগোতে চান, কোনও বিভক্তি চান না বলে উল্লেখ করেন।
