খেলা ডেস্ক: বিশ্বকাপে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে লম্বা সময় লিড ধরে রেখেছিল সৌদি আরব। তবে ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে শেষ দিকের গোলে ১-১ ব্যবধানে ড্র করতে পেরেছে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা।
কিন্তু খেলা যেভাবে শেষ হয়েছে, তাতে উরুগুয়ে কিছুটা হতাশই হবে। বক্সের ভেতরে একের পর এক নিখুঁত ক্রস পাঠিয়েও শেষ পর্যন্ত জয়ের গোল খুঁজে পায়নি তারা।
সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের সেরা সেভগুলো এসেছে বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়ে। কারণ ওপর থেকে আসা প্রায় সব বলই তার রক্ষণভাগের খেলোয়াড়রা সফলভাবে সামলে নিয়েছেন।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে পরাশক্তি উরুগুয়ের সঙ্গে চোখে চোখ রেখে ৪১তম মিনিটে লিড পায় সৌদি।
কর্নার থেকে হাসান আল তামবাকতি দুর্দান্ত এক হেডে বল গোলমুখে পাঠান। উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা বলটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন; তার হাত ফসকে বল বেরিয়ে গেলে আবদুলেলাহ আল আমরি সুযোগটি কাজে লাগিয়ে বল জালে পাঠান।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় উরুগুয়ে। এ সময় বল পজিশন থেকে শুরু করে জালে শট নেওয়াতেও আধিপত্য বিস্তার করে দলটি।
অবশেষে ম্যাচের ৮০তম মিনিটে সমতা আনে উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। তবে তিনি বলটি নিরাপদে সরিয়ে দিতে পারেননি; বল গিয়ে পড়ে ম্যাক্সি আরাউহোর সামনে। সুযোগ হাতছাড়া না করে আরাউহো জোরালো শটে বল জালের ঠিকানায় পাঠান এবং ম্যাচে সমতা ফেরান।
শেষ দিকে উরুগুয়ে আরও কয়েকটি সুযোগ পায়। তবে কাজে লাগাতে না পারায় ম্যাচটি ১-১ ব্যবধানেই শেষ হয়।
