মুক্তদেশ ডেস্ক: দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনা শুরু হয়েছে।
এর আগে এপেক সম্মেলনে পুতিন বলেছিলেন, আগামীকাল ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকটি ‘অত্যন্ত কার্যকর’ হবে বলে তিনি আশা করছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পর বক্তব্য দিতে মঞ্চে ওঠেন রুশ প্রেসিডেন্ট। সংক্ষিপ্ত কিন্তু জোরালো বক্তব্যে তিনি রাশিয়ার সমালোচকদের আক্রমণ করেন এবং এপেকভুক্ত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা ‘ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করেন পুতিন। তাঁর ভাষায়, রাশিয়া ‘মর্যাদার সঙ্গে’ সেই পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে এসেছে।
তিনি বলেন,‘বর্তমান বিশ্ব নানা অস্থিরতায় পরিপূর্ণ। বিশ্ব অর্থনীতি যখন খণ্ডিত হয়ে পড়ছে এবং সামরিক-রাজনৈতিক ঝুঁকি বাড়ছে, তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বিভাজনের পরিবর্তে ঐক্য, আধিপত্যের পরিবর্তে সমতা, বিচ্ছিন্নতার পরিবর্তে অংশীদারত্ব এবং একতরফা হুমকির পরিবর্তে সংলাপ।’
