মুক্তদেশ ডেস্ক: জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা জাভায় নিরাপত্তাগত দুর্বলতা শনাক্ত হওয়ার পর এর ব্যবহারকারীদের দ্রুত নিরাপত্তা হালনাগাদ (সিকিউরিটি আপডেট) ইনস্টল করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। এসব দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকেই কম্পিউটার সিস্টেমে ক্ষতিকর কোড চালাতে পারে কিংবা পুরো সিস্টেম অচল করে দিতে পারে।সূত্র: রয়টার্স।
দক্ষিণ কোরিয়ায় জাভার ব্যাপক ব্যবহারের কারণে বিষয়টি নিয়ে উদ্বেগ এতটাই বেড়েছে যে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।
ওরাকলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ওপেন সোর্স জাভা ডেভেলপমেন্ট কিট সরবরাহ করে। সরকারি সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক খাত এমনকি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যব্যবস্থায়ও জাভা ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) এক সতর্কবার্তায় বলেছে, শনাক্ত হওয়া নিরাপত্তাগত দুর্বলতাগুলো অবিলম্বে সংশোধন করা প্রয়োজন। তবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোনো প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে এসব দুর্বলতার যোগসূত্র রয়েছে বলে সংস্থাটি জানায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে ওরাকলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানটি ১৭ নভেম্বর তাদের জাভা ডেভেলপমেন্ট কিটের একটি সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে। এতে শনাক্ত হওয়া নিরাপত্তাগত ত্রুটিগুলো সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, বিশেষ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এজেন্টের বিভিন্ন ঘটনা এবং সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নিয়মিত এমন ঘটনার সন্ধান পাচ্ছে, যেখানে হ্যাকাররা এআই ব্যবহার করে একই সময়ে বিপুলসংখ্যক সাইবার হামলা চালাচ্ছে।
গত মাসে পিএইচপি প্রোগ্রামিং ভাষার গুরুতর নিরাপত্তাগত দুর্বলতা প্রকাশ্যে আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অসংখ্য ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেটের বড় একটি অংশ পরিচালনায় ব্যবহৃত এই প্রোগ্রামিং ভাষার দুর্বলতা প্রকাশের পর লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়।
দক্ষিণ কোরিয়াকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং কোরিয়া ইন্টারনেট অ্যান্ড সিকিউরিটি এজেন্সি বুধবার জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোকে জরুরিভিত্তিতে নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করতে হবে।
প্রোগ্রামিং টুল নির্মাতা প্রতিষ্ঠান জেটব্রেইনসের ২০২১ সালের এক জরিপ অনুযায়ী, সরকারি ও বেসরকারি—উভয় খাতেই জাভার ব্যাপক ব্যবহারের কারণে দক্ষিণ কোরিয়াকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
জাভার ব্যবহার বেশি এমন অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন ও জার্মানি।
জেটব্রেইনসের জরিপে বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রোগ্রামিং ভাষা ব্যবহারের গড় হার যেখানে ৩০ শতাংশ, সেখানে দক্ষিণ কোরিয়ায় এ হার ৫৩ শতাংশ।
গত বছর পরিচালিত একটি সরকারি জরিপ অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সরকারি খাতে তথ্যব্যবস্থা পরিচালনায় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার মধ্যে জাভার অংশীদারত্ব ছিল ৭২ শতাংশ।
গত এক সপ্তাহে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ই-মেইলসহ মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিঘ্ন, যুক্তরাষ্ট্রে সাড়ে চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকা এবং জেপিমরগান চেজের সফটওয়্যার সমস্যার কারণে ব্যাংকিং সেবার কিছু কার্যক্রম ব্যাহত হওয়া।
বীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মার্শ জানিয়েছে, অক্টোবরের শেষ দুই সপ্তাহে তাদের গ্রাহকেরা ১০৫টি সাইবার হামলার ঘটনা সম্পর্কে রিপোর্ট করেছেন। মে মাসের শেষ দুই সপ্তাহে এ সংখ্যা ছিল ৪৮। অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধানে এ ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
তবে বৃহত্তর কোনো সমস্যার আশঙ্কাকে গুরুত্ব দিতে চাইছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনকারী মার্কো রুবিও স্বীকার করেছেন, এসব ঘটনা ‘উদ্বেগজনক’। তবে তাঁর দাবি, ঘটনাগুলোর মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই।
