পেজেশকিয়ান, আরাঘচিসহ ইরানি শীর্ষ নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র
মুক্তদেশ ডেস্ক:টানা সাত মাস ধরে যুদ্ধ চলছে। এর মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে এই অধিবেশন বসছে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই ভ্রমণের অনুমতি দিয়েছে। এতে থাকছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাদের সঙ্গে প্রয়োজনীয় কর্মকর্তারাও থাকবেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রতিনিধি দলের বহর হবে অত্যন্ত সংক্ষিপ্ত এবং তাদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধের পাশাপাশি বিলাসবহুল পণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা বহাল থাকবে। হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং বিশ্ববাজারে তেলের তীব্র ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে দুই দেশের চরম সামরিক অচলাবস্থার মাঝেই বসছে সাধারণ পরিষদের ৮১তম এই অধিবেশন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষের দাবি জানালেও ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
