মুক্তদেশ ডেস্ক: প্রাচীন মিসরের কারনাক মন্দির গড়ে উঠেছিল পাথর ও পানির গভীর সম্পর্ককে কেন্দ্র করে। তবে এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রত্নতাত্ত্বিক খননকাজ মূলত মন্দির, দেয়াল ও শিলালিপি ঘিরেই সীমাবদ্ধ ছিল। মাটির নিচে লুকিয়ে থাকা ভূপ্রাকৃতিক ইতিহাসের দিকে তেমন নজর দেওয়া হয়নি। সাম্প্রতিক এক ভূ-প্রত্নতাত্ত্বিক গবেষণা সেই ধারণায় বড় পরিবর্তন এনেছে।
গবেষকেরা কারনাক ও আশপাশের এলাকায় খনন করে পলিমাটির স্তরযুক্ত কয়েক ডজন নমুনা সংগ্রহ করেন। সেগুলোর বিশ্লেষণ থেকে তাঁরা বোঝার চেষ্টা করেছেন, অতীতে নীল নদ কীভাবে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হতো।
লুকানো দ্বীপে নির্মিত হয়েছিল কারনাক
‘Conceptual Origins and Geomorphic Evolution of the Temple of Amun-Ra at Karnak (Luxor, Egypt)’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, কারনাক মন্দিরের নিচে রয়েছে হাজার হাজার বছর আগে প্রবল স্রোতে ভেসে আসা বালুর স্তর। এই বালু ধীরে ধীরে জমে একটি উঁচু ভূখণ্ড বা প্রাকৃতিক সোপান তৈরি করেছিল।
পলিমাটির স্তর বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, খ্রিষ্টপূর্ব প্রায় ২৫২০ সালের দিকে আশপাশের এই উঁচু ভূমি প্রথমবারের মতো স্থায়ীভাবে শুষ্ক ও বাসযোগ্য হয়ে ওঠে। এর আগে বছরের নির্দিষ্ট সময়ে নীল নদের বন্যার কারণে এখানে স্থায়ী স্থাপনা নির্মাণ প্রায় অসম্ভব ছিল।
এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে পাওয়া গেছে প্রাচীন মাটির পাত্রের নিদর্শন, যেগুলো মূলত ‘ওল্ড কিংডম’-এর শেষ ভাগ কিংবা ‘ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড’-এর সময়কার। অর্থাৎ নদীর গতিপথ বদলে ভূমি স্থিতিশীল হওয়ার পরই এখানে মানুষের বসতি ও স্থাপনা গড়ে ওঠার ইঙ্গিত মেলে।
খনন করা নমুনায় দেখা গেছে, কারনাকের পূর্ব ও পশ্চিম—উভয় দিকেই নীল নদের পুরোনো শাখা বা গতিপথের চিহ্ন রয়েছে। একসময় এই জলধারাগুলো উঁচু ভূখণ্ডটিকে চারদিক থেকে ঘিরে রেখেছিল। ফলে পুরো এলাকাটি কার্যত একটি দ্বীপের মতো ছিল।
নীল নদের বিশাল শাখা
গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো, কারনাক মন্দিরের পূর্ব দিকে নীল নদের একটি প্রশস্ত শাখার অস্তিত্ব। সেখানে পাওয়া মৃৎপাত্র ও পলিমাটির স্তর বিশ্লেষণ করে দেখা গেছে, ‘ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড’ থেকে শুরু করে ‘নিউ কিংডম’ পর্যন্ত দীর্ঘ সময় এই জলধারা সক্রিয় ছিল।
গবেষকদের ধারণা, একসময় এই শাখার প্রস্থ কয়েক শ মিটার পর্যন্ত ছিল। পরে নীল নদ ধীরে ধীরে আরও পূর্ব দিকে সরে যায়। ধ্রুপদি যুগের শেষ দিকে এই জলধারা পলি জমে ধীরে ধীরে প্লাবনভূমিতে পরিণত হয়।
