মুক্তদেশ ডেস্ক: চীনে গত অক্টোবরে শিল্প উৎপাদনের মূল্য সংযোজন আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। উৎপাদন সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তি পণ্য নির্মাণ খাতে দুই অঙ্কের প্রবৃদ্ধির সুবাদে শিল্প খাতের এই অগ্রগতি হয়েছে। সোমবার প্রকাশিত দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, অক্টোবরে চীনের উচ্চপ্রযুক্তি উৎপাদন খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। একই সময়ে উৎপাদন সরঞ্জাম নির্মাণ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬ শতাংশ। উভয় খাতের প্রবৃদ্ধিই সামগ্রিক শিল্প খাতের চেয়ে বেশি। এদিকে সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে দেশটির সামগ্রিক শিল্প উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ২১ শতাংশ।
শিল্প উৎপাদনের এই পরিসংখ্যানের মাধ্যমে মূলত বড় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। এসব প্রতিষ্ঠানের প্রত্যেকটির বার্ষিক প্রধান ব্যবসায়িক আয় কমপক্ষে ২ কোটি ইউয়ান (প্রায় ৩০ লাখ মার্কিন ডলার)।
২০২৬ সালের প্রথম ১০ মাসে চীনের শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেন, উচ্চমানের ও স্মার্ট উৎপাদনসহ নতুন বিকাশমান খাতগুলো জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিল্প উৎপাদনের প্রবৃদ্ধির অর্ধেকের বেশি অবদান রেখেছে।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ওয়াং গুয়ানহুয়া বলেন, সামষ্টিক অর্থনৈতিক নীতিগুলোর সমন্বিত বাস্তবায়নের সুফল অব্যাহত থাকায় চীনের অর্থনীতি আরও উচ্চমানের উন্নয়নের পথে তার গতি ধরে রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় ভিত্তি ও অনুকূল পরিস্থিতি দেশটির রয়েছে।’
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উন্নয়নের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নতুন শিল্পের সম্প্রসারণ এবং প্রচলিত শিল্পের আধুনিকায়নে সহায়তা করছে। তবে তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি এখনো জটিল ও অস্থিতিশীল। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদাও পর্যাপ্ত নয়।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, অক্টোবরে চীনের খুচরা বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এই প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, চলতি বছরের প্রথম ১০ মাসে স্থায়ী সম্পদে বিনিয়োগ কমেছে ৮ দশমিক ১ শতাংশ।
শিল্প খাতের ধারাবাহিক স্থিতিশীলতা থাকলেও ভোগব্যয় দুর্বল থাকায় বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চীনকে সরকারি ব্যয় বাড়াতে হবে। পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগের কাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে নীতিগত সহায়তা জোরদার করতে হবে।
তাঁদের মতে, নীতিগত সহায়তাকে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দিতে নীতিগুলোর মধ্যে আরও সমন্বয় এবং কার্যকর বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে উচ্চপ্রযুক্তি ও নতুন বিকাশমান শিল্প খাতগুলো অর্থনীতির প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে।
চায়না মিনশেং ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ওয়েন বিন বলেন, চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের অর্থনীতি মোটামুটি স্থিতিশীল ছিল। শিল্প উৎপাদন ও সেবা খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। তবে বিভিন্ন পরিসংখ্যানে অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি বলেন, অক্টোবরে ভোগব্যয়ের পরিসংখ্যানে মধ্য-শরৎ উৎসবের সময়সূচি পরিবর্তনের আংশিক প্রভাব পড়েছে। এর ফলে উৎসবকেন্দ্রিক কিছু ব্যয় সেপ্টেম্বরেই সম্পন্ন হয়েছে।
ওয়েনের মতে, আগামী কয়েক মাসেও ভোগব্যয়ের ক্ষেত্রে কাঠামোগত অসমতা বজায় থাকতে পারে। সাংস্কৃতিক পর্যটন, খাবার ও পানীয় এবং পরিবহনসহ সেবামূলক খাতে ব্যয়ের প্রবণতা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। অন্যদিকে, দীর্ঘস্থায়ী পণ্যসামগ্রী কেনাকাটার ক্ষেত্রে পুনরুদ্ধার হবে অপেক্ষাকৃত ধীরগতিতে।
তিনি আরও বলেন, ‘সামষ্টিক অর্থনৈতিক নীতিতে সমন্বয়, কার্যকর বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ চাহিদার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন মূল বিষয় হলো, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এবং নীতিগত পদক্ষেপগুলো কীভাবে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরিত হচ্ছে, তা নিশ্চিত করা।’
এদিকে, নানা অনিশ্চয়তা সত্ত্বেও বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা চীনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের মতে, দেশটির বিশাল বাজার, শিল্পের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ফলে নতুন নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রসাধনসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান আমোরপ্যাসিফিকের চীন শাখার প্রেসিডেন্ট ড্যানিয়েল হুই বলেন, বিশাল ভোক্তাগোষ্ঠী, প্রাণবন্ত ডিজিটাল ব্যবস্থা এবং বৈচিত্র্যময় চাহিদা বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য চীনে ব্যাপক সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, ‘চীনের সৌন্দর্যপণ্য বাজারের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে আমরা আশাবাদী।’
হুই আরও বলেন, বাজারে প্রতিযোগিতার ধরন এখন বদলে যাচ্ছে। আগে যেখানে বিক্রয় চ্যানেল সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হতো, এখন সেখানে গবেষণা, পণ্যের মান এবং ব্র্যান্ডের মূল্য বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি জানান, সাংহাইয়ে অবস্থিত নিজেদের উন্নয়ন ও উদ্ভাবনকেন্দ্র এবং স্থানীয় কর্মীদের কাজে লাগিয়ে চীনে বিনিয়োগ অব্যাহত রাখবে আমোরপ্যাসিফিক। এর মাধ্যমে ভোক্তাদের চাহিদাকে পণ্য উন্নয়নের সঙ্গে যুক্ত করা হবে।
হুই আশা প্রকাশ করেন, চীনের উদ্ভাবনী সক্ষমতা এবং অব্যাহত উন্মুক্ত নীতির ফলে আমোরপ্যাসিফিকের জন্য দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সুযোগ তৈরি হবে। দেশটির বাজারে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে স্থানীয় পর্যায়ে গবেষণা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে।
শিল্পপ্রযুক্তি প্রতিষ্ঠান জনসন কন্ট্রোলসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট সুসান হিউজ বলেন, শিল্পের আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক ব্যবহার এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর চীনের গুরুত্বারোপ প্রতিষ্ঠানটির বৈশ্বিক শিল্পপ্রযুক্তি সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, চীনে ৩০ বছরের বেশি সময়ের কার্যক্রমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি স্থানীয় গবেষণা ও উন্নয়ন, উৎপাদন এবং সেবাদান সক্ষমতার সঙ্গে বৈশ্বিক নেটওয়ার্কের সমন্বয় ঘটাবে। এর মাধ্যমে উন্নত উৎপাদনশিল্প, ডেটা সেন্টার এবং জীবনবিজ্ঞান খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে চীনা গ্রাহকদের বিদেশে ব্যবসা সম্প্রসারণেও সহায়তা করবে।
