মুক্তদেশ ডেস্ক: চীনে হাজার বছর ধরে স্থানীয় মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে হাটবাজার। তবে সময়ের সঙ্গে এসব বাজারের আবেদন নতুন করে ফিরে এসেছে তরুণ প্রজন্মের কাছে। এখন এসব বাজার কেবল পণ্য কেনাবেচার জায়গা নয়; এর বাইরেও নানা অভিজ্ঞতা ও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
সন্ধ্যা নামতেই পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের চীনের চীনামাটির শহর হিসেবে পরিচিত জিংদেজেনের তাওসিচুয়ান শিল্পাঞ্চল আলোয় ঝলমল করে ওঠে। একে একে খুলতে শুরু করে এক হাজারের বেশি অস্থায়ী দোকান। দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রায় ২০০ কিলোমিটার দূরের প্রাদেশিক রাজধানী নানচাং থেকে নিয়মিত এই বাজারে আসেন তাও ইউয়ে। তিন বছর ধরে তিনি এখানে আসছেন। তাঁর কাছে জায়গাটি এখন বহুল প্রতীক্ষিত একটি গন্তব্য।
২৫ বছর বয়সী এই তরুণী বলেন, ‘এখানে নানা ধরনের সৃজনশীল পণ্য দেখার পাশাপাশি দোকানিদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। তাঁরা কেন জিংদেজেনে এসেছেন, কীভাবে একটি চীনামাটির পণ্য তৈরি ও রঙিন করা হয়, সেসব বিষয়ও জানা যায়। ধীরে ধীরে কাপ-প্লেটের পেছনের অনেক গল্প জানতে পারবেন। বাজারের আসল আকর্ষণ এখানেই।’
২০১৬ সালের অক্টোবরে মাত্র ৫৫টি দোকান নিয়ে যাত্রা শুরু করেছিল এই শিল্পাঞ্চল। এরপর থেকে সেখানে মোট প্রায় ২৮ হাজার দোকানি ব্যবসা করেছেন। তাঁদের গড় বয়স ২৮ বছর।
২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন শিয়ং জিনপেং। ‘জীবন তো এক ভ্রমণ, তাই ঝুঁকি নিয়ে নিজের মতো করে কিছু করতে চাই, নিজেই নিজের প্রতিষ্ঠানের মালিক হতে চাই’—এই ভাবনা তাঁকে বাজারে দোকান খুলতে উৎসাহিত করে। বর্তমানে তাঁর দোকানে প্রতি মাসে গড়ে প্রায় ৪০ হাজার ইউয়ান (৫ হাজার ৯৯১ মার্কিন ডলার) বিক্রি হয়। পাশাপাশি অনলাইনেও নিয়মিত অর্ডার পাচ্ছেন তিনি।
নব্বইয়ের দশকে জন্ম নেওয়া আরেক দোকানি ইয়াং ফান বলেন, এই বাজার শুধু মৃৎশিল্প বা সিরামিক পণ্যের জন্য নয়; এটি আধুনিক ও রুচিশীল জীবনযাপনেরও প্রতীক। তাঁর ভাষায়, ‘বাজার কেবল কেনাবেচার জায়গা নয়। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ও সম্পর্ক তৈরিরও একটি ক্ষেত্র।’
তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা বাজারের তালিকায় শুধু জিংদেজেনই নেই। প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে উত্তর চীনের তিয়ানজিনেও গত মাসে আয়োজন করা হয়েছিল ‘গো স্লো ফেস্টিভ্যাল’। এতে ছিল কসপ্লে বা পছন্দের চরিত্রের সাজে অংশগ্রহণ, সুসজ্জিত গাড়ির শোভাযাত্রা এবং নানা আয়োজন। পাশাপাশি প্রদর্শিত হয় তিয়ানজিনের ঐতিহ্যবাহী ঘুড়ি, চিনি দিয়ে তৈরি চিত্রকর্মসহ বিভিন্ন অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন। কাঠ খোদাই করা পাত্রের মতো হাতে তৈরি পণ্যও ছিল সেখানে।
চীনের অন্যান্য স্থানেও এ ধরনের আয়োজন জনপ্রিয় হচ্ছে। বেইজিংয়ের কেন্দ্রস্থলের বইমেলা, পূর্ব চীনের শানডং প্রদেশের ইয়েলো রিভার মার্কেট এবং উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশের ওল্ড মার্কেট ক্রিয়েটিভ স্ট্রিটে পাওয়া যাচ্ছে নানা ধরনের পণ্য। এসবের মধ্যে রয়েছে হস্তশিল্প, খাবার থেকে শুরু করে পোষা প্রাণীর প্রয়োজনীয় সামগ্রী। তরুণদের কাছে এসব বাজার হয়ে উঠেছে একধরনের ‘মানসিক প্রশান্তি ও শক্তি সঞ্চয়ের কেন্দ্র’।
পণ্য কেনাবেচার উদ্দেশ্যে নিয়মিত বসা বাজারের ইতিহাস চীনে হাজার বছরের পুরোনো। প্রাচীনকালে যোগাযোগব্যবস্থা সীমিত থাকায় মানুষ বিভিন্ন বিচ্ছিন্ন এলাকায় বসবাস করত। ফলে কৃষিপণ্য ও হস্তশিল্পের সামগ্রী বিনিময়ের জন্য নির্দিষ্ট সময় ও স্থানে একত্র হতো তারা। এভাবেই বাজারের প্রচলন গড়ে ওঠে।
বর্তমানে চীনের অনেক গ্রামীণ এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে ‘হাটে যাওয়ার’ এই ঐতিহ্য টিকে আছে। স্থানীয় মানুষের পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও এসব বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিসির অধ্যাপক শু গুয়াংজিয়ান বলেন, বাজার চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারাবাহিকতা এবং জীবন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিরও প্রকাশ। একই সঙ্গে এসব বাজার মানুষের মানসিক চাহিদা পূরণে ভূমিকা রাখে।
তাঁর মতে, ডিজিটাল যুগে অনলাইনের লেখা ও ছবিতে স্পর্শ, ঘ্রাণ কিংবা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রকৃত অনুভূতি পাওয়া যায় না। অন্যদিকে, বাজার মানুষকে আবার মুখোমুখি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে।
তিনি বলেন, ‘বাজারের বিবর্তনের পেছনে রয়েছে মানুষের সরাসরি সামাজিক যোগাযোগের আকাঙ্ক্ষা। এসব বাজার শহর ও গ্রামের মানুষের জন্য মানসম্মত একধরনের উন্মুক্ত সামাজিক পরিসর বা “সবার বসার ঘর” তৈরি করেছে, যেখানে মানুষ নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।’
নব্বইয়ের দশকে জন্ম নেওয়া লি ইফান নিয়মিত বিভিন্ন বাজারে যান। তাঁর কথায়, ‘বাজারে আমরা এমন জিনিস খুঁজি, যেগুলোর নিজস্ব গল্প, স্বকীয়তা ও সৃজনশীলতা রয়েছে। নিজের পছন্দের কোনো জিনিস কেনার মধ্যেও একধরনের মানসিক তৃপ্তি পাওয়া যায়।’
চীনের রাষ্ট্রীয় পরিষদ (স্টেট কাউন্সিল) গত জানুয়ারিতে প্রকাশিত এক কর্মপরিকল্পনায় আবেগ ও অভিজ্ঞতাভিত্তিক সেবার বিকাশে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়া ২০২৬-৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে ভোগব্যয় সম্প্রসারণের লক্ষ্যে গত জুলাইয়ে প্রকাশিত আরেকটি পরিকল্পনায় নতুন ব্যবসায়িক মডেল ও ভোগের নতুন ক্ষেত্র গড়ে তুলতে অভিজ্ঞতাভিত্তিক ভোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজার ঘিরে মানুষের এই আগ্রহকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রাণশক্তিতে রূপ দিতে বিভিন্ন অঞ্চল কর্তৃপক্ষ এসব আয়োজনের জন্য সহায়ক নীতি গ্রহণ করেছে।
সাংহাইয়ে তরুণ উদ্যোক্তাদের দোকান বসানোর জন্য পার্ক ও অব্যবহৃত কারখানার জায়গা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, নানচাংয়ে বাজারে আসা ক্রেতাদের আকৃষ্ট করতে ভোগব্যয়ের জন্য বিশেষ ভাউচার দেওয়া হয়েছে।
নানচাংয়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক এলাকা ওয়ানশৌ প্যালেস ২০২১ সালে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ কোটির বেশি দর্শনার্থী আকর্ষণ করেছে। কোনো কোনো দিনে সেখানে দর্শনার্থীর সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।
এলাকাটির প্রচার বিভাগের পরিচালক হু ইয়ান বলেন, স্থানীয় সাংস্কৃতিক ও সৃজনশীল ব্র্যান্ডগুলোকে আকৃষ্ট করতে কর্তৃপক্ষ নিয়মিত নতুন উদ্যোগ নিচ্ছে। এসব ব্র্যান্ডকে বিশেষ সুবিধা ও ভর্তুকিও দেওয়া হচ্ছে।
বাজারে আসা দর্শনার্থী নিয়েই লিয়াং বলেন, ‘বাজারের কল্যাণে ওয়ানশৌ প্যালেস এখন আর কেবল পর্যটনকেন্দ্র নয়; এটি এমন একটি জায়গা, যেখানে এলে শহরটির প্রাণস্পন্দন অনুভব করা যায়।’
