মুক্তদেশ ডেস্ক: খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।
আজ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।
