মুক্তদেশ ডেস্ক: তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা ও বাহারছড়া বনসংলগ্ন এলাকায় আহত পা নিয়ে ঘুরে বেড়ানো একটি হাতিকে খুঁজে বের করে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। বন বিভাগ বলছে, হাতিটির গায়ে আটটি গুলির চিহ্ন রয়েছে। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড়ে ঢুকে যাওয়া দুটি গুলি বের করা যায়নি।
যে বনে হাতিটিকে পাওয়া গেছে, সেখানে টেকনাফের মানব পাচারকারী ও রোহিঙ্গা অস্ত্রধারীদের আস্তানা রয়েছে। বন বিভাগ বলছে, টেকনাফ হাতির গুরুত্বপূর্ণ আবাসস্থল। আস্তানার আশপাশে চলে আসায় হাতিটিকে গুলি করা হয়েছে। টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাঁরা অপহরণের শিকার হয়েছেন, তাঁরাও ডাকাতদের হাতে হাতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন।
গত মঙ্গলবার টেকনাফের লোকালয় থেকে চার কিলোমিটার গহিনে শিলখালীর সংরক্ষিত বনে হাতিটির অবস্থান খুঁজে পায় বন বিভাগ। সন্ধ্যা হয়ে যাওয়ায় তখন হাতিটিকে চিকিৎসা দেওয়া যায়নি। বুধবার দুপুর ১২টার দিকে বন বিভাগের ভেটেরিনারি সার্জনসহ ২০ জনের একটি দল হাতিটিকে চিকিৎসা দেওয়া শুরু করে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘টেকনাফের গহিন বনে নানা ধরনের সন্ত্রাসীর আস্তানা আছে। আমাদের ধারণা, এরাই হাতিটিকে গুলি করেছে।’
