মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ ও পর্তুগালের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও মূল্যবোধের মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো গেলে একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশের মানুষের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে ইউরোপের দেশগুলোকে আরও বেশি জানার প্রয়োজন রয়েছে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স।
লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের রাজপরিবারের এই সদস্যরা। এর অংশ হিসেবে তাঁরা আজ প্রথম আলো কার্যালয় পরিদর্শনে আসেন।
লন্ডন টি এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, এই সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের সিলেটের চাকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলা। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার উদ্যোগেও তাঁরা যুক্ত হয়েছেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতির মিল, অভিবাসন, চা–শিল্পের সম্ভাবনা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।
