Saturday, August 8

মুক্তদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সুপারিশ অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডাকসু নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

এর আগে হল দুটির নাম পরিবর্তনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ডাকসুর নেতারা। সিন্ডিকেট সভায় সেই দাবির আলোকে নাম পরিবর্তনের সুপারিশ সিনেটে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এদিকে একই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামী লীগপন্থী চার শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে কেন তাঁদের বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে চার্জশিট গঠনের সিদ্ধান্তও হয়েছে।

শোকজপ্রাপ্ত চার শিক্ষক হলেন—অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মো. মশিউর রহমান। এ ছাড়া অধ্যাপক মাহমুদা খাতুন ও অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরীকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হলের নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদনের জন্য সিনেটে সুপারিশ পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply