মুক্তদেশ ডেস্ক: ইসরায়েলি বাহিনী যেখানে মূত্রত্যাগ করে সেখানে আমাদেরকে পেছনে হাত বেঁধে যেখানে হাঁটুমুড়ে বসানো হয়েছিল বলে জানিয়েছেন আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম। তিনি বলেন, আমাদের ওপর মানসিক অত্যাচার বেশি করা হয়। জেলের ভেতরে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এমনকি হামাসের সমর্থক দাবি করে আমাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেয়া হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাদের হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতার কথা জানান তিনি।
শহিদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর আমাদের ওপর অনেক রকমের নির্যাতন করা হয়েছিল। তবে প্রধান ছিল মানসিক নির্যাতন।
তিনি বলেন, আমাদেরকে পেছনে হাত বেঁধে যেখানে হাঁটুমুড়ে বসানো হয়েছিল; সেখানে ইসরায়েলি বাহিনী আগে থেকে মূত্রত্যাগ করেছিল। এরপর বারবার আমার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ফেলে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। যতবার সেটি তুলতে চেষ্টা করেছি; ততবার আমার ওপর চড়াও হয়েছে। সে সময় নিজেদের মধ্যে কথা বলায় অন্য দুজন সহযাত্রীকে মেশিনগানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়।
শহিদুল আলম বলেন, মরুভূমির মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপনীয় কারাগারে আমাদেরকে রাখা হয়। কারাগারে অন্য জাহাজ থেকে আটক হওয়া আরেকজন সিলেটি সহযাত্রী আমাকে জানান, ইসরায়েলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর বলেছিল ‘তুমি হামাসের এজেন্ট; ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে’।
