মুক্তদেশ ডেস্ক: কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন নাটোর জেলা ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদ শেখ রিফাদ মাহমুদ। ভোটে ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার ৫ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে তিনি কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হন।
নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা রিফাদ বর্তমানে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা শেখ মো. রকিবুল ইসলাম নাটোরের সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। বর্তমানে রিফাদ জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদ বাংলাদেশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী তিন বছরের জন্য অ্যাসোসিয়েশনের মোট ১০টি নেতৃত্বস্থানীয় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি দেশ থেকে একজন করে ডেলিগেট ভোট প্রদান করেন।
শেখ রিফাদ মাহমুদ বলেন, ‘আমি কমনওয়েলথভুক্ত সব দেশের শিক্ষার্থীদের জন্য একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণতান্ত্রিক অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষায় সমান সুযোগ প্রতিষ্ঠা সম্ভব। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সামনে থেকে প্রতিনিধিত্ব করাই আমার প্রধান লক্ষ্য।’
রিফাদ আরও বলেন, ‘সব শিক্ষার্থীর সুযোগ সমান নয়, অনেকেই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খায়। আমি এমন উদ্যোগকে উৎসাহিত করব যেখানে শিক্ষার্থীরা পকেট মানি ও টিফিনের টাকা সঞ্চয় করবে এবং একে অপরকে সহায়তা করতে পারবে। যাতে কোনো শিক্ষার্থী কেবল অর্থের অভাবে তার শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে।’
রিফাদের বাবা অধ্যক্ষ শেখ রকিবুল ইসলাম বলেন, ‘রিফাদ নির্বাচিত হবে এটা আমার বিশ্বাস ছিল। রিফাদ কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এই আশা রাখি।’
