মুক্তদেশ ডেস্ক: দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এই ভোট উৎসবে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে টিএসসি কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।
অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে আবিদুল ইসলাম খান বলেন, ‘অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি যে যেখানে যে অবস্থায় আছেন, দ্রুত চলে আসেন। এই উৎসবে আপনারা যুক্ত হয়ে আপনাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করুন।’
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে এই ভোটগ্রহণ চলছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। আর বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
