অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে দেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। গত ২৩ এপ্রিল প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট : ট্যাক্সিং টাইমস’ শীর্ষক প্রতিবেদনেও ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।
গত মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ‘ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস’ (বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা) প্রতিবেদনে বলা হয়, ৩০ জুন শেষ হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের ৩ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। তার আগে গত ১৭ জানুয়ারি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বাংলাদেশের ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।
এ ছাড়া আগামী অর্থবছরে অর্থাৎ ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা জানুয়ারিতে প্রকাশিত পূর্বাভাসের চেয়ে দশমিক ৫ শতাংশ কম।
এদিকে গত ২৭ মে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে। তাতে বলা হয়, এবার ৩ দশমিক ৯৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। অর্থবছরের ৯ মাস—গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে বিবিএস। ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে ৫ দশমিক ৮২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছিল। চূড়ান্ত হিসাবে অবশ্য তা কমে ৪ দশমিক ২২ শতাংশে নেমে আসে।
