স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্কোয়াডের প্রথম বহরের ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। পরে যাবেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ বাকিরা। আর এদিনই মিরাজকে ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল টাইগাররা।
আগামী বছরের জুন পর্যন্ত ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মিরাজ। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে।
বিসিবি জানিয়েছে, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলংকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।
এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। মিরাজকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।’
