মুক্তদেশ ডেস্ক: জর্ডানের রাজধানী আম্মানের পশ্চিমে বালকা অঞ্চলের দেইর আল্লায় অবস্থিত আবু ওবাইদা মসজিদ। জর্ডান উপত্যকার সবচেয়ে উষ্ণ ও শুষ্ক এলাকাগুলোর একটিতে দাঁড়িয়ে আছে মসজিদটি। চারপাশে অনুর্বর, মাটির রঙের পাহাড়। অথচ মসজিদ ঘিরে রয়েছে গাছপালা ও ফুলের বাগান। শুষ্ক প্রকৃতির মধ্যে সবুজের এক ব্যতিক্রমী মরূদ্যান যেন। গাছের শিকড়ের পাশ দিয়ে মাটির ওপর বিছানো সরু পাইপের মাধ্যমে ফোঁটা ফোঁটা পানি পৌঁছে যাচ্ছে গাছের গোড়ায়।
এই পানি আসে না পৌরসভার সরবরাহব্যবস্থা থেকে। বরং আসে মসজিদের সেই পানির কলগুলো থেকে, যেখানে মুসল্লিরা নামাজের আগে হাত, মুখ ও পা ধুয়ে অজু করেন।
জর্ডানজুড়ে মুসলমানেরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে অজু করেন। অজুর জন্য হাত, মুখ ও পা ধোয়া ধর্মীয় বিধানের অংশ। কিন্তু যে দেশে একজন মানুষের জন্য বছরে নবায়নযোগ্য মিঠাপানির প্রাপ্যতা মাত্র ৬১ ঘনমিটার, সেখানে পানির প্রতিটি ফোঁটারই রয়েছে বিশেষ গুরুত্ব।
জাতিসংঘের নির্ধারিত চরম পানি সংকটের সীমা হচ্ছে বছরে জনপ্রতি ৫০০ ঘনমিটার। অর্থাৎ জর্ডানে মাথাপিছু পানির প্রাপ্যতা সেই সীমার আট ভাগের এক ভাগেরও কম।
জর্ডান অ্যাকুয়া কনজারভেশন অ্যাসোসিয়েশনের (জেএসিএ) প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাওসান বলেন, ‘এখানকার মানুষ পানির সংকট সম্পর্কে ভালোভাবেই জানে। কারণ, তারা প্রতিদিন এই সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করে। আমরা দেখাতে চেয়েছি, মসজিদ যেহেতু ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবে পানি সংরক্ষণের শিক্ষা দেয়, তাই নিজেরাও সেই চর্চা করতে পারে।’
জর্ডানের জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ। এর মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ ধর্মপ্রাণ মুসলমান। দেশটি খাদ্যের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করে। সেখানে পৌরসভার পানি রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হয়। কোনো কোনো এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পাইপলাইনের মাধ্যমে পানি পাওয়া যায়। বাকি সময়ের চাহিদা মেটাতে পরিবারগুলো বাড়ির ছাদে বসানো পানির ট্যাংকের ওপর নির্ভর করে।
এমন পরিস্থিতিতে ধর্মীয় কাজে ব্যবহৃত পানির পরিমাণও গুরুত্বপূর্ণ বলে মনে করে সংশ্লিষ্ট সংগঠনটি।
২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে ৩৬ লাখ মসজিদে প্রতিবছর অজুর কাজে আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি ব্যবহৃত হয়। জর্ডানের ওয়াক্ফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মসজিদের সংখ্যা ৭ হাজার ৬০০-এর বেশি।
অজুর পানি থেকেই বাগানের সবুজ
২০০৮ সাল থেকে এ বিষয়ে কাজ করছে জর্ডান অ্যাকুয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন (জেএসিএ)।
আবু ওবাইদা মসজিদের অজুখানার নিচে বিশেষ পাইপ বসানো হয়েছে। এসব পাইপ দিয়ে ব্যবহৃত পানি সরাসরি চলে যায় একটি পরিশোধন ইউনিটে। সেখানে পানি পরিষ্কার ও ছেঁকে নেওয়ার পর মসজিদের বাইরের বাগানে পাঠানো হয়। সেই পানি দিয়ে গাছপালা ও ঝোপঝাড়ের পরিচর্যা করা হয়। অন্যথায় এসব গাছে পানি দিতে জর্ডানের সংকটাপন্ন পৌর সরবরাহব্যবস্থার ওপর নির্ভর করতে হতো।
আহমেদ আল-রাওসান বলেন, ‘অজুর সময় মসজিদে সাবান ব্যবহার করা হয় না। ফলে পানি পরিশোধনের ক্ষেত্রে রাসায়নিক পদার্থের জটিলতা তৈরি হয় না। প্রাকৃতিকভাবে তলানি জমার প্রক্রিয়ায় এই পানি পরিশোধন করা সম্ভব। পাঁচ স্তরের নুড়িপাথর ও বালুর মধ্য দিয়ে পানি প্রবাহিত করার পর তা সেচের কাজে ব্যবহার করা যায়।’
আবু ওবাইদা মসজিদের পাথরের দেয়ালে একটি সাদা ফলক টাঙানো রয়েছে। সেখানে প্রকল্পটির উদ্দেশ্য হিসেবে পানি সংরক্ষণ এবং মসজিদের পরিবেশ উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে। ফলকটিতে জর্ডানের ওয়াক্ফ মন্ত্রণালয়ের লোগোও রয়েছে। প্রকল্পটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এই মন্ত্রণালয়।
১৮ বছরে ১৮টি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকল্প
অজুর ব্যবহৃত পানি পয়োনিষ্কাশন ব্যবস্থায় যাওয়ার আগেই সংগ্রহ করে পুনর্ব্যবহারের ধারণাটি ছিল বেশ সহজ। কিন্তু এই উদ্যোগকে ১৮টি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে জেএসিএর সময় লেগেছে ১৮ বছর।
আহমেদ আল-রাওসান জানান, প্রকল্পটির সম্প্রসারণে আর্থিক, কারিগরি ও প্রশাসনিক নানা বাধার মুখে পড়তে হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি মসজিদেই একই প্রশ্ন উঠেছে—ব্যবস্থাটি স্থাপনের পর এর দায়িত্ব কে নেবে? ইমাম, নাকি মসজিদের তত্ত্বাবধায়ক? দুজনই মন্ত্রণালয়ের অধীনে কর্মরত হলেও তাঁদের দায়িত্ব আলাদা। দায়িত্ব সুনির্দিষ্ট না থাকায় অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ হয়নি।’
পানি সংরক্ষণের বিষয়টি জুমার খুতবায় অন্তর্ভুক্ত করতে জেএসিএ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছে। এ ছাড়া ধর্মীয় বক্তাদের সচেতন করতে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-তাওয়ালবেহ বলেন, ‘আমাদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির আওতায় গোটা রাজ্যে ১ হাজার ২০০ জন মুয়াজ্জিন, ৭৫০ জন নারী ধর্মীয় বক্তা, ১১০ জন ইমাম এবং ২৮ জন কারিগরি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে মন্ত্রণালয় ৫০টির বেশি মসজিদে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করেছে। ইতিমধ্যে ৩৫টির বেশি মসজিদে অজুর পানি সেচ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হচ্ছে।
পানি পুনর্ব্যবহারে বিশ্বে এগিয়ে জর্ডান
জর্ডানের সাবেক পানিসম্পদ ও সেচমন্ত্রী মু’তাসিম সাইদান বলেন, পানি পুনর্ব্যবহারের ক্ষেত্রে জর্ডান ইতিমধ্যে বিশ্বের অগ্রগামী দেশগুলোর একটি।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিবছর প্রায় ১৫ কোটি ঘনমিটার বর্জ্যপানি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহার করা হয়। এর প্রায় ৯০ শতাংশই কৃষিজমিতে সেচের কাজে ব্যবহার করা হয়।
তবে অজুর পানি পুনর্ব্যবহারের সম্ভাবনা নিয়ে কিছুটা সংশয় রয়েছে তাঁর।
সাইদান বলেন, ‘আমরা যতটা ধারণা করি, অজুর পানির পরিমাণ আসলে ততটা নয়।’
সচেতনতার বার্তা থাকলেও বদলাচ্ছে না অভ্যাস
পানি সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
আম্মানের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন আবদুল্লাহ খালেদ। তিনি জানান, জর্ডানের ভয়াবহ পানি সংকট এবং পানি ব্যবহারে মুসলমানদের দায়িত্ব সম্পর্কে ইমামদের কাছ থেকে প্রায়ই বক্তব্য শোনেন। কিন্তু সেই বক্তব্য সব সময় মানুষের দৈনন্দিন আচরণে প্রতিফলিত হয় না।
খালেদ বলেন, ‘কেউ হয়তো শুক্রবার মসজিদে পানি সংরক্ষণের বিষয়ে খুতবা শুনলেন। কিন্তু বাড়িতে ফিরে নিজের পানির ট্যাংক উপচে পড়লেও খেয়াল করলেন না, কিংবা কল ছেড়ে রাখলেন।’
অর্থাৎ ধর্মীয় শিক্ষা ও সচেতনতামূলক প্রচার থাকলেও বাস্তবে পানির অপচয় বন্ধ করা এখনো বড় চ্যালেঞ্জ।
জর্ডানের আবু ওবাইদা মসজিদের এই উদ্যোগ দেখাচ্ছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বাস্তব উদ্যোগ যুক্ত করা সম্ভব। অজুর ব্যবহৃত পানিকে বর্জ্য হিসেবে না দেখে সম্পদ হিসেবে বিবেচনা করলে তা দিয়ে ছোট পরিসরেও সবুজ পরিবেশ গড়ে তোলা যায়।
