মুক্তদেশ ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা স্বাস্থ্যকর অভ্যাস। আর টুথব্রাশ রাখার পরিচিত জায়গা বাথরুমের বেসিনের পাশের হোল্ডার। পরিবারের সবার ব্রাশও হয়তো সেখানে পাশাপাশি রাখা হয়। কিন্তু টয়লেটের কাছাকাছি রাখা ব্রাশ কতটা নিরাপদ? কমোড ফ্লাশ করার সময় বাতাসে ছড়িয়ে পড়া অতি ক্ষুদ্র জলকণার সঙ্গে জীবাণু পৌঁছাতে পারে টুথব্রাশেও।অণুজীববিজ্ঞানী ও দন্ত বিশেষজ্ঞদের মতে, দাঁতের যত্নে নিয়মিত ব্রাশ করার পাশাপাশি সেটি কোথায় ও কীভাবে রাখা হচ্ছে, সেদিকেও নজর দেয়া জরুরি। বাথরুমের আর্দ্র ও সেঁতসেঁতে পরিবেশ ক্ষতিকর ব্যাকটেরিয়া, ছত্রাক ও জীবাণুর বংশবৃদ্ধির আঁতুড়ঘর। এ আর্দ্র পরিবেশে ব্রাশ সহজে শুকায় না। এতে জীবাণু ও ছত্রাকের উপস্থিতির ঝুঁকি তৈরি হয়।কমোডের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করলে পানির সূক্ষ্ম কণা বাতাসে ছড়িয়ে পড়ে। এ প্রক্রিয়ায় তৈরি হওয়া অনুজীব কণাকে চিকিৎসাবিজ্ঞানে ‘টয়লেট প্লুম’ বলা হয়। এসব কণার সঙ্গে মলজাতীয় জীবাণুও বাথরুমের বিভিন্ন পৃষ্ঠে ছড়িয়ে পড়তে পারে। ফলে টয়লেটের খুব কাছে খোলা অবস্থায় রাখা টুথব্রাশ দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তবে জীবাণু ছড়ানোর দূরত্ব ও মাত্রা বাথরুমের পরিবেশসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে।
তাই টয়লেট থেকে যথাসম্ভব দূরে টুথব্রাশ রাখা উচিত। ফ্লাশ করার আগে কমোডের ঢাকনা বন্ধ করাও ভালো অভ্যাস। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বাথরুমে রাখা টুথব্রাশে মলজাতীয় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। ২০১৫ সালে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির বার্ষিক সভায় উপস্থাপিত গবেষণাটিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাথরুম থেকে সংগ্রহ করা অন্তত ৬০ শতাংশ টুথব্রাশে এসব ব্যাকটেরিয়া রয়েছে। গবেষকদের হিসাবে, পাওয়া ব্যাকটেরিয়ার ৮০ শতাংশের উৎস ছিলেন ব্রাশের মালিক ছাড়া অন্য কেউ।
গবেষণার প্রধান গবেষক লরেন অ্যাবারের মতে, অন্য ব্যক্তির মলজাতীয় জীবাণু টুথব্রাশে ছড়িয়ে পড়া বেশি উদ্বেগের। কারণ এর মাধ্যমে এমন ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবীর সংস্পর্শে আসার আশঙ্কা থাকে, যা নিজের শরীরের স্বাভাবিক জীবাণুগোষ্ঠীর অংশ নয়।
টুথব্রাশের ঢাকনা ব্যবহার করলেই জীবাণুর বৃদ্ধি বন্ধ হয় না। বরং ভেজা ব্রাশ ঢেকে রাখলে আর্দ্রতা আটকে গিয়ে জীবাণু বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তাই ব্যবহারের পর পরিষ্কার পানিতে ব্রাশ ভালোভাবে ধুয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে। এরপর খাড়াভাবে এমন জায়গায় রাখতে হবে, যেখানে বাতাস চলাচল করে এবং ব্রাশ সহজে শুকায়। সম্পূর্ণ শুকানোর পর প্রয়োজনে ঢাকনা ব্যবহার করা যেতে পারে।
পরিবারের সবার ব্রাশ একই হোল্ডারে রাখলেও ব্রিসল যেন পরস্পরকে স্পর্শ না করে, তা নিশ্চিত করতে হবে। শিশুদের ব্রাশও আলাদা রাখা ভালো। বাথরুমের বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারে ব্রাশ রাখা এড়িয়ে চলা উচিত। সেখানে বাতাস চলাচল কম থাকায় ব্রাশ শুকাতে দেরি হয়। পাশাপাশি ব্রাশ রাখার হোল্ডারও নিয়মিত পরিষ্কার করতে হবে।
টুথব্রাশ জীবাণুমুক্ত করতে ভিনেগার, ব্লিচ বা অন্য রাসায়নিক ব্যবহারের প্রয়োজন নেই। পরিষ্কার পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে রাখাই যথেষ্ট। অন্যের ব্রাশ ব্যবহার করা বা নিজের ব্রাশ অন্যকে দেয়াও উচিত নয়। সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করতে হয়। তবে এর আগেই ব্রিসল বাঁকা বা ক্ষয়ে গেলে নতুন ব্রাশ ব্যবহার করা উচিত।
