মুক্তদেশ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা চালানোর পর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনেকেই আবার সামরিক পোশাক পরে ঘটনাস্থলে ফিরে আসেন। তখন তাঁরা নিজেদের সেনা পরিচয় দিয়ে ফিলিস্তিনি ভুক্তভোগীদের ওপর বিভিন্ন নির্দেশ জারি করেন। আলজাজিরার এক অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, হামলাকারী বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে পার্থক্য ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে।
এসব ঘটনা ফিলিস্তিনি জনগোষ্ঠী, আন্তর্জাতিক ও ইসরায়েলি মানবাধিকার সংগঠন, অধিকারকর্মী এবং সাংবাদিকদের দীর্ঘদিনের অভিযোগকে আরও জোরালো করেছে। তাঁদের অভিযোগ, ফিলিস্তিনিদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং পুরো গ্রাম দখলের ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বসতি স্থাপনকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে।
বেসামরিক পোশাকে হামলা, পরে সেনার পোশাকে ফিরে আসা
এ ধরনের ঘটনার একটি উল্লেখযোগ্য উদাহরণ দেখা গেছে নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল নামের একটি গ্রামে।
মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্যের ভিত্তিতে আলজাজিরার অনুসন্ধানে ইয়িৎসহাক লেভি ফিলান্ত নামের এক বসতি স্থাপনকারীকে শনাক্ত করা হয়েছে। তিনি ইয়িৎসহার বসতির বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘ইয়াকুব’ নামে পরিচিত।
অনুসন্ধানে দেখা গেছে, ফিলান্ত প্রথমে বেসামরিক পোশাকে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালান। পরে একই গ্রামে সামরিক পোশাক, সেনাবাহিনীর সরবরাহ করা অস্ত্র নিয়ে ফিরে এসে স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিতে থাকেন।
২০২৪ সালের আগস্টে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তবে ২০২৫ সালের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাঁকে ওই তালিকা থেকে সরিয়ে দেয়।
ফিলিস্তিনি কৃষক ইউনিয়নের পরিচালক আব্বাস মেলহেম আলজাজিরাকে বলেন, এ ধরনের দ্বৈত পরিচয়ের ঘটনা এখন প্রতিদিনের বাস্তবতা।
তিনি বলেন, ‘কোনো কৃষক যখন একজন বসতি স্থাপনকারীকে বলে, “আমি সেনাবাহিনীকে ডাকব”, তখন ওই ব্যক্তি তাঁকে বলে, “তার প্রয়োজন নেই।” এরপর সে নিজের গাড়িতে গিয়ে সামরিক পোশাক পরে ফিরে আসে এবং বলে, “আমিই সেনাবাহিনী!”’
মেলহেম আরও বলেন, ‘পশ্চিম তীরে সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ইসরায়েলি সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছে, এই দুই পক্ষের ব্যবস্থাই সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।’
প্রাণঘাতী দ্বৈত পরিচয়
পশ্চিম তীরের হেবরনে এই যোগসাজশের আরও ভয়াবহ ও প্রাণঘাতী চিত্র পেয়েছে আলজাজিরা।
৭ মার্চ নাহমান নামের এক বসতি স্থাপনকারী সুসিয়া বসতির কাছে ফিলিস্তিনিদের জমি দখলের চেষ্টা করেন এবং অতিরিক্ত লোকজন ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই একটি অফ-রোড যান সেখানে পৌঁছায়। গাড়িতে ছিলেন দুই ভাই শেম তোভ ও লুরিয়া লুস্কি।
অন্য ভিডিওতেও সামরিক পোশাকে দেখা যাওয়া লুরিয়া লুস্কি সেখানে গুলি চালান। এতে আমির শানারান নামের এক ফিলিস্তিনি নিহত হন এবং তাঁর এক চাচাতো ভাই গুরুতর আহত হন।
আলজাজিরাকে ওই ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন নিহত আমিরের বাবা।
তিনি বলেন, ‘প্রথমে সে আকাশের দিকে দুটি গুলি ছোড়ে। এরপর আমার ভাতিজার কাছে গিয়ে রাইফেলের বাঁট দিয়ে তার মুখে আঘাত করে। আমি ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে যাই। তখন শেম তোভ একটি লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই।’
তিনি আরও বলেন, ‘আমার প্রয়াত ছেলে আমির আমাকে রক্ষা করতে ছুটে আসে। সে বসতি স্থাপনকারীকে আমার কাছ থেকে সরিয়ে দেয়। তখনই তাকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়।’
২০২৩ সালের ৭ অক্টোবরের পর হামলা বেড়েছে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নেতৃত্বে হামলার পর পশ্চিম তীরে ইসরায়েলি হামলা দ্রুত বেড়েছে। ওই হামলার পর গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়।
আলজাজিরার অনুসন্ধান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে বসতি স্থাপনকারীদের হাতে নিহত ৬৩ জন ফিলিস্তিনির মধ্যে ১৪ জনকে গুলি করেছেন এমন ব্যক্তিরা, যাঁরা ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন অথবা সামরিক পোশাক পরা অবস্থায় হামলা চালিয়েছেন।
অনুসন্ধানে আরও কিছু ভিডিও পাওয়া গেছে। সেগুলোতে বেজালেল তালিয়া নামের এক সেনাসদস্যকে ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান চালাতে এবং বাসিন্দাদের আটক করতে দেখা যায়। একই সময়ে তিনি গ্রামগুলোতে হামলায় জড়িত বসতি স্থাপনকারী তরুণদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরও পরিচালনা করছিলেন।
প্রাতিষ্ঠানিক সহযোগিতার কাঠামো
বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর মধ্যে এই সমন্বয়ের পেছনে ইসরায়েলি সামরিক বাহিনীর আঞ্চলিক প্রতিরক্ষা ব্যাটালিয়নগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ইউনিট ‘হাগমার’ নামে পরিচিত।
২০২৩ সালের পর থেকে এসব ব্যাটালিয়নের সংখ্যা ছয় গুণ বেড়েছে। আগে মূলত ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের প্রধান দায়িত্ব। কিন্তু এখন তাদের কার্যক্রমের বড় অংশই বসতি স্থাপনকারীদের অভিযানে সহায়তা করা।
হেবরনে এসব ব্যাটালিয়নের উপকমান্ডার আসাফ সুরিয়া ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, হাগমারের অধিকাংশ সদস্যই বসতি স্থাপনকারী এবং তাঁরা রিজার্ভ সেনা হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসরায়েলবিষয়ক বিশেষজ্ঞ মুহান্নাদ মুস্তাফা আলজাজিরাকে বলেন, এই বাহিনীর কাজের ধরনে মৌলিক পরিবর্তন এসেছে।
তিনি বলেন, ‘রাজনৈতিক সমর্থন থাকার কারণে এবং পশ্চিম তীরে ঔপনিবেশিক বসতি স্থাপন প্রকল্পের হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে শুরু থেকেই এই বাহিনীকে অস্ত্র দেওয়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী তাদের অস্ত্র দিয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় অস্ত্র দিয়েছে। একই সঙ্গে সরকার রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিক সমর্থনও দিয়েছে।’
মুস্তাফা আরও বলেন, ‘বসতিগুলোকে রক্ষা করার ধারণার অংশ হিসেবেই এখন ভৌগোলিক সম্প্রসারণ, ফিলিস্তিনিদের তাঁদের জমি থেকে উচ্ছেদ এবং তাঁদের চলাচল ও জীবনযাত্রা সীমিত করার কাজ করা হচ্ছে।’
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের সাংবাদিক ও লেখক গিডিওন লেভিও এই সমন্বয়ের পরিকল্পিত দিকটি তুলে ধরেছেন।
তিনি আলজাজিরাকে বলেন, ‘বসতি স্থাপনকারীরা নিজেরাই ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে পশ্চিম তীরে মোতায়েন ইউনিটগুলোতে তারা যোগ দিচ্ছে। আমরা ধীরে ধীরে ও পরিকল্পিতভাবে এমন কমান্ডারের সংখ্যা বাড়তে দেখেছি, যাঁরা নিজেরাও বসতি স্থাপনকারী।’
অস্ত্র, প্রশিক্ষণ ও দায়মুক্তির সংস্কৃতি
আলজাজিরার অনুসন্ধানে দেখা গেছে, অস্ত্র সরবরাহের ক্ষেত্রে সরকারি সামরিক বাহিনীর পাশাপাশি সরকারি উদ্যোগও ভূমিকা রাখছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদে বসতি স্থাপনকারীদের অন্তত ১ লাখ ২০ হাজার বেসামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।
বসতি স্থাপনকারীদের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন বসতির ফায়ারিং রেঞ্জেও। এর মধ্যে রয়েছে মাওন বসতির প্রশিক্ষণকেন্দ্র।
ইসরায়েলের উপনিবেশ স্থাপন ও দেয়াল প্রতিরোধ কমিশনের আমির দাউদ এ পরিস্থিতির গুরুতর নিরাপত্তাগত প্রভাবের কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘গত কয়েক বছরে এমন অনেক নিরাপত্তা কর্মকর্তা দেখা গেছে, যাঁরা দীর্ঘদিন বিভিন্ন নিরাপত্তা সংস্থায় কাজ করার পর পদত্যাগ করেছেন কিংবা অবসরে গেছেন। পরে তাঁরা বসতি স্থাপনকারীদের সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছেন। তাঁরা এসব গোষ্ঠীকে বিপুল তথ্য সরবরাহ করছেন, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’
এই সামরিকীকৃত নেটওয়ার্কের মাধ্যমে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের প্রায় এক-পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান সরকারের আমলে ১১৮টি ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।
এসব অভিযানের সময় সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই নিষ্ক্রিয় থাকেন। অনেক ক্ষেত্রে হামলা থামাতে তাঁদের কোনো উদ্যোগ দেখা যায় না।
লেভি ইয়াসুফ এলাকার একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘কয়েক সপ্তাহ আগে একজন কৃষককে এক বসতি স্থাপনকারী হত্যা করেছে। তখনও সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল। কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছে। কৃষককে সাহায্য করেনি, হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনেনি, এমনকি বিচারের মুখোমুখিও করেনি।’
ফিলিস্তিনি কৃষক ইউনিয়নের পরিচালক মেলহেমও একই ধরনের অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘এ বছর চুরি হওয়া জলপাইয়ের পরিমাণ এখন পর্যন্ত প্রায় ৫০ টন। এসব চুরির অনেক ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। এমনকি চুরি করা জলপাইয়ের বড় একটি অংশ সামরিক যানেই পরিবহন করা হয়েছে।’
ইসরায়েলের তৃণমূল পর্যায়ের সংগঠন ‘স্ট্যান্ডিং টুগেদার’-এর প্রতিষ্ঠাতা সদস্য ইতামার আভনেরিও আলজাজিরাকে বলেন, নেতানিয়াহু সরকার বসতি স্থাপনকারীদের উৎসাহিত করছে। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধ সংঘটনের ক্ষেত্রে কার্যত দায়মুক্তির নিশ্চয়তা দিচ্ছে।
তাঁর ভাষায়, সরকার বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীকে এসব অপরাধ করার এবং কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যাওয়ার ক্ষেত্রে ‘খালি চেক’ দিয়ে রেখেছে।
আভনেরি আরও বলেন, ‘সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য এসব হামলায় অংশ নিচ্ছেন। কারণ, তাঁরা বিশ্বাস করেন, অন্য পক্ষের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই। তাঁরা জানেন, এসব অপরাধ করেও শাস্তি এড়িয়ে যেতে পারবেন।’
বিচারের মুখোমুখি হওয়ার নজির প্রায় নেই
বসতি স্থাপনকারীদের অপরাধের ক্ষেত্রে জবাবদিহির পরিস্থিতি প্রায় অনুপস্থিত।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘ইয়েশ দিন’-এর তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা অপরাধের মামলাগুলোর ৯৩ দশমিক ৬ শতাংশই অভিযোগ গঠন ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে।
গিডিওন লেভি এ পরিসংখ্যান নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি অবাক হয়েছি যে তারা ৭ শতাংশ মামলার তদন্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল কোনো ইসরায়েলি সেনা যদি একটি কুকুরকে গুলি করে, আর কোনো বসতি স্থাপনকারী যদি একজন ফিলিস্তিনি কৃষককে গুলি করে হত্যা করে, তাহলে আমার বিশ্বাস, ফিলিস্তিনি কৃষককে গুলি করা বসতি স্থাপনকারীর চেয়ে কুকুরকে গুলি করা সেনাসদস্যের বিচার দ্রুত হবে।’
