টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ চাপায় সাদিয়া কবল নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্নী এলাকার খাদ্যগুদাম ও পুরনো থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ধনবাড়ী পৌর এলাকার নিজবর্নী (বকলবাড়ী) এলাকার মো. সাইদ বকলের মেয়ে। তিনি স্থানীয় শাহীন স্কুলের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সাদিয়া রাস্তা পারাপারের সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাদিয়া। ঘটনাটি পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
ধনবাড়ী থানা ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পালিয়েছেন চালক। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারে প্রতি সমবেদনা জানান ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।
