মুক্তদেশ ডেস্ক: হুমকি-ধমকি না দেয়ার মুচলেকায় এক ব্যবসায়ীর করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) সকলে শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসকের ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালত এই আদেশ দেন। এর আগে গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন নেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। পরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগের বিষয়ে জবাব দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিন মেহজাবিন ও তার ভাইয়ের পক্ষে আদালতে জবাব দাখিল করা হয়। জবাব সন্তোষজনক হওয়ায় শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন আদালত।
এ বিষয়ে বাদীর আইনজীবী রায়হান গাজী নয়ন বলেন, এ মামলায় বাদীকে আর কোন হুমকি ধামকি না দেয়ার শর্তে আদালতে মুচলে দিয়েছেন অভিনেত্রী মেহজাবিন ও তার ভাই। আদালত মুচলেকা গ্রহণ করে এ মামলা থেকে তাদের অব্যাহতি দেন।
এ মামলায় আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আদালত আসামি পক্ষের দেয়া জবাব সন্তোষজনক মনে করায় মেহজাবিন ও তার ভাইকে এ মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন।
