মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন্ম নেওয়া ৭১ বছর বয়সী বারবারা কিংসলভার ইন্ডিয়ানার ডিপাও বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে বৃত্তি পেয়েছিলেন। পরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস দ্য বিন ট্রিজ।
পুরস্কারজয়ী তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দ্য পয়জনউড বাইবেল, দ্য লাকুনা এবং ডেমন কপারহেড। ২০২২ সালে প্রকাশিত ডেমন কপারহেড উপন্যাসটি পুলিৎজার পুরস্কার, জেমস টেইট ব্ল্যাক পুরস্কার এবং উইমেনস প্রাইজ ফর ফিকশন অর্জন করে।
২০২৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লি কাউন্টিতে হায়ার গ্রাউন্ড উইমেনস রিকভারি রেসিডেন্স প্রতিষ্ঠা করেন। তাঁর ডেমন কপারহেড উপন্যাসের পটভূমিও এই এলাকা।
তাঁর সর্বশেষ উপন্যাস পার্টিটা। দ্বিতীয় স্বামীর সঙ্গে ভার্জিনিয়ায় বসবাস করেন তিনি। তাঁদের দুই সন্তান রয়েছে।
প্রশ্নোত্তর
প্রশ্ন: জীবনের সবচেয়ে সুখী সময় কখন ছিল?
সন্তানদের জন্মের ঠিক পরের সময়গুলোতে। ওই সময়ের হরমোনগুলো ভীষণ শক্তিশালী ওষুধের মতো কাজ করে। সাম্প্রতিক সময়ের সব কষ্টকর ঘটনার স্মৃতি মুছে দেয়। আর আপনাকে দেবীর আসনে বসিয়ে দেয়—মনে হয়, আপনি যেন স্বর্গীয় সৃষ্টির রচয়িতা।
প্রশ্ন: আপনার সবচেয়ে বড় ভয় কী?
হাতে পড়ার মতো ভালো কোনো বই না নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া বিমানে ওঠা।
প্রশ্ন: আপনার জীবনের প্রথম স্মৃতি কী?
তিন বছর বয়সে নিজে নিজে পড়তে শেখা। বাবা সংবাদপত্র থেকে যা পড়তেন, তা জানার জন্য আমার ভীষণ আগ্রহ ছিল। তিনি পত্রিকাটি একপাশে রেখে দিলে আমি সেটি তুলে নিতাম। তারপর গভীর মনোযোগ দিয়ে অক্ষরগুলোর দিকে তাকিয়ে সেগুলোর নাম বলতে ও উচ্চারণ করতে চেষ্টা করতাম। একসময় একটি পূর্ণ শব্দ আমার মস্তিষ্কে জায়গা করে নেয়। শব্দটি ছিল ‘অরেঞ্জ’ (কমলা)।
প্রশ্ন: অন্যের কোন বৈশিষ্ট্যটি আপনার সবচেয়ে বেশি অপছন্দ?
নিজের কাজের দায় নিতে অস্বীকার করা। কেউ যদি শুধু বলে, ‘হ্যাঁ, কাজটি আমিই করেছি। এটি ভুল ছিল, আমি দুঃখিত’—তাহলে আমি যেকোনো কিছু ক্ষমা করতে পারি। কিন্তু কিছু মানুষ কেন এত জোর দিয়ে নিজের দায় অস্বীকার করে, তা আমি বুঝতে পারি না। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বিষয়টি বেশি চোখে পড়ে।
প্রশ্ন: তিনটি শব্দে নিজেকে বর্ণনা করুন।
দুঃসাহসী। আশাবাদী। কৃতজ্ঞ।
প্রশ্ন: কোন বিষয়টি আপনাকে অসুখী করে?
মানুষকে হতাশ করা আমার একেবারেই ভালো লাগে না।
প্রশ্ন: আপনার জীবনের ওপর নির্মিত চলচ্চিত্রে কে আপনার চরিত্রে অভিনয় করবেন?
অনেকেই আমাকে প্রায়ই বলেন, আমার চেহারার সঙ্গে মেরিল স্ট্রিপের বেশ মিল রয়েছে। তবে আমার ধারণা, তাঁর হাতে এখন অনেক কাজ।
প্রশ্ন: আপনার সবচেয়ে অপছন্দনীয় অভ্যাস কী?
অধৈর্য হয়ে বিরক্তি প্রকাশ করা। কেউ আমার সময় নষ্ট করলে আমি খুব একটা ভালো আচরণ করতে পারি না। এ কারণেই আমি উল বুনি।
দীর্ঘ ও বিরক্তিকর কোনো বৈঠকে আটকে পড়লে মুখ বন্ধ রাখি, কিন্তু খুব দ্রুত হাতে উল বুনতে থাকি। আর মনে মনে ভাবি, এখান থেকে বের হওয়ার সময় অন্তত এক জোড়া মোজা নিয়ে বের হব।
প্রশ্ন: সর্বশেষ কী মিথ্যা বলেছেন?
‘হ্যাঁ, অবশ্যই আজ সকালে কুকুরটিকে খাবার দিয়েছি।’
(কথাটি বলার সময় তাড়াহুড়ো করে কুকুরটিকে খাবার দিচ্ছিলাম।)
প্রশ্ন: মা-বাবার কাছে আপনার কী ঋণ রয়েছে?
কোনো ঋণ নেই। তাঁরা দুজনই আমাকে অনেক কিছু দিয়েছেন। আবার ভিন্ন ভিন্নভাবে দুজনই আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছেন। তাঁদের জীবনের শেষ মুহূর্তগুলোতে আমরা নিজেদের মধ্যে সব বিরোধ মিটিয়ে নিয়েছিলাম।
প্রশ্ন: ভালোবাসা কেমন অনুভূতি?
এটা নির্ভর করে বয়স ও সময়ের ওপর। আপনার বয়স যখন ১৬, তখন ভালোবাসা মনে হয় গতিসীমা ভেঙে গাড়ি চালানোর মতো। আর অনেক বছর পর সেই ভালোবাসাই হয়ে ওঠে উষ্ণ পানিতে স্নান করার মতো প্রশান্তিদায়ক।
প্রশ্ন: বর্তমানে জীবিত কোন ব্যক্তিকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং কেন?
সেই একই ব্যক্তিকে, যাঁকে আমার দেশের ক্রমবর্ধমান সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং এই মুহূর্তে যাঁরা আপনারা লেখাটি পড়ছেন, তাঁদের অধিকাংশই আর কখনো সংবাদমাধ্যমের খবরে দেখতে চান না।
এর মধ্যে সবচেয়ে বড় ও মজার বিদ্রূপ হলো, তিনি নিজেই এই লেখাটি পড়তে পারেন, অথচ আমরা যে তাঁর কথাই বলছি, তা বুঝতেই পারবেন না।
প্রশ্ন: জীবনে সবচেয়ে খারাপ কোন কাজটি করেছেন?
বাড়িঘর পরিষ্কার করার কাজ। যেসব পরিবারের সবাই, এমনকি শিশুরাও, আমার নাম শেখার পরিবর্তে আমাকে ‘কাজের মেয়ে’ বলে ডাকত।
প্রশ্ন: কত ঘন ঘন যৌন সম্পর্কে জড়ান?
ঠিক যতবার আমি চাই।
প্রশ্ন: আইনের সঙ্গে আপনার সবচেয়ে কাছাকাছি সংঘাতের অভিজ্ঞতা কী?
১৯৮০-এর দশকে মানবাধিকারবিষয়ক বিভিন্ন সংগঠনে কাজ করার কারণে এফবিআই চার বছরেরও বেশি সময় ধরে আমার ফোনে আড়ি পেত এবং আমার ওপর নজরদারি চালাত। অথচ আমার কাজ ছিল সম্পূর্ণ আইনসম্মত।
প্রশ্ন: আপনি কি বেশি যৌনতা, অর্থ নাকি খ্যাতি চান?
এই তালিকায় কি আমরা একটি সুখী দাম্পত্য জীবন যোগ করতে পারি না?
সূত্র: দ্য গার্ডিয়ান |
