মুক্তদেশ ডেস্ক: চীনের জিয়াংসি প্রদেশের জিংদেজেন শহরের উপকণ্ঠে একটি জাদুঘর। সেখানে প্রশস্ত ও উজ্জ্বল প্রদর্শনী কক্ষে চীনামাটির মাটি ও সিরামিক শিল্পের বিস্ময়কর নিদর্শন দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আশপাশের গ্রামের শিশুরা। একইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরাও এসব নিদর্শন দেখে অভিভূত হন। কাছেই বিস্তীর্ণ সবুজ বনভূমি। সেই বনের ভেতরে সংরক্ষিত রয়েছে প্রাচীন চীনামাটির পাথর উত্তোলনের খনিগুলো।
জিংদেজেন পৌরসভার সংস্কৃতি, বেতার, টেলিভিশন ও পর্যটন ব্যুরোর উপপরিচালক ঝান সিংহুয়া বলেন, “বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করার সময় গত কয়েক বছরে আমাদের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলেই নতুন জাদুঘর নির্মাণ এবং প্রাচীন প্রত্নস্থলগুলোর যথাযথ সংরক্ষণ সম্ভব হয়েছে।”
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেতে জিংদেজেনের উদ্যোগ নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন ঝান। গত জুলাইয়ে চীনের ‘চীনামাটির রাজধানী’ হিসেবে পরিচিত এই শহর সফলভাবে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয়। তালিকায় অন্তর্ভুক্ত হয় জিংদেজেনের ঐতিহ্যবাহী হস্তশিল্পভিত্তিক চীনামাটির শিল্পের প্রত্নস্থলগুলো।
ঝানের মতে, শহরটির সিরামিক সংস্কৃতির প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ধারাবাহিক মনোযোগ ছাড়া বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জন সম্ভব হতো না।
২০২৩ সালের ১১ অক্টোবর সি চিন পিং জিংদেজেনের বিভিন্ন জাদুঘর ও প্রাচীন চুল্লির প্রত্নস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সিরামিক শিল্পকে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন, যাতে ‘হাজার বছরের পুরোনো চীনামাটির রাজধানী’ হিসেবে শহরটির উজ্জ্বল খ্যাতি আরও বৃদ্ধি পায়।
ঝানের কাছে এটি কোনো সাধারণ প্রত্যাশা ছিল না। তিনি বলেন, “সি চিন পিংয়ের ধারাবাহিক মনোযোগ ও পরিকল্পনার কারণেই জিংদেজেন নিজেদের সক্ষমতা বাড়িয়ে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিতে পেরেছে। এর মধ্য দিয়ে বিশ্ব ঐতিহ্যের তালিকায় চীনামাটির শিল্পকেন্দ্রিক ঐতিহ্যের যে ঘাটতি ছিল, তা পূরণ হয়েছে।”
এক দশক ধরে চলা এই উদ্যোগ শহরটিতে ব্যাপক ও সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে। বর্তমানে ১৯৬টি প্রাচীন চুল্লির প্রত্নস্থল যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। ১০৮টি ঐতিহাসিক গলি তাদের আদি বৈশিষ্ট্য ধরে রেখেছে। পাশাপাশি এক হাজার বছরের পুরোনো চীনামাটির তৈরির কৌশলও সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
ঝান বলেন, “ঐতিহ্য সংরক্ষণ থেকে শুরু করে কৌশলগত সহায়তা—বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জনের জন্য জিংদেজেনের সামনে একটি সুস্পষ্ট উন্নয়নপথ তৈরি করে দিয়েছেন প্রেসিডেন্ট।”
প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে প্রেসিডেন্টের নির্দেশনা
২০১৫ সালে তিনজন বিশেষজ্ঞ জিংদেজেনের রাজকীয় চুল্লির প্রত্নস্থল থেকে উদ্ধার করা বিপুলসংখ্যক চীনামাটির ভাঙা টুকরা সংরক্ষণের নানা প্রতিবন্ধকতা নিয়ে প্রতিবেদন তৈরি করেন।
এর এক বছরের মধ্যে সি চিন পিং ওই প্রত্নস্থল সংরক্ষণের বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, “চীনা সভ্যতার এই অমূল্য সম্পদ—রাজকীয় চুল্লির ধ্বংসাবশেষ—আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে, এ নিয়ে গবেষণা করতে হবে এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”
এরপর ‘প্রথমে জরুরি সংরক্ষণ’ নীতি গ্রহণ করা হয়।
ঝান বলেন, “আমরা আগে থেকেই প্রাচীন চুল্লি ও ঐতিহাসিক এলাকাগুলো সংরক্ষণ করছিলাম। তবে সি চিন পিংয়ের নির্দেশনা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জনের লক্ষ্য সামনে রেখে ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার একটি সুসংগঠিত পথ আনুষ্ঠানিকভাবে শুরু করে।”
২০১৬ সালের জুলাইয়ে চীনের লিয়াংঝুর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির আবেদন নিয়ে সংস্কৃতি ও জাদুঘর বিশেষজ্ঞদের একটি প্রস্তাবের ওপর মন্তব্য করেন সি চিন পিং। তিনি বলেন, “বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার উদ্যোগের মাধ্যমে চীনা সভ্যতার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য তুলে ধরতে হবে, চীনা জাতির আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এবং প্রাচীন ও আধুনিক চীনের একটি পূর্ণাঙ্গ ও বাস্তব চিত্র বিশ্বের সামনে উপস্থাপন করতে হবে।”
এই তিনটি নীতি চীনের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগগুলোর সামগ্রিক দিকনির্দেশনা হয়ে ওঠে। জিংদেজেনের উদ্যোগের পুরো প্রক্রিয়ায়ও এগুলো সরাসরি পথ দেখিয়েছে।
২০১৯ সালে জিয়াংসি সফরের সময় সি চিন পিং জিংদেজেনে জাতীয় সিরামিক সংস্কৃতি সংরক্ষণ ও উদ্ভাবনের জন্য একটি পরীক্ষামূলক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন। একই সঙ্গে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের জন্য নতুন একটি মঞ্চ তৈরির কথাও বলেন তিনি।
এর ফলে জিংদেজেনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জনের উদ্যোগ কেবল প্রত্নসম্পদ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর, শিল্পের আধুনিকায়ন, দক্ষ জনশক্তির সমাবেশ এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়কে সমন্বিত করা একটি বৃহত্তর প্রকল্পে রূপ নেয়।
ঝানের দৃষ্টিতে, ২০১৫ সালে রাজকীয় চুল্লির প্রত্নস্থল সংরক্ষণের নির্দেশনা থেকে শুরু করে ২০২৩ সালে সি চিন পিংয়ের সরেজমিন পরিদর্শন পর্যন্ত শীর্ষ পর্যায়ের দিকনির্দেশনা ছিল ধারাবাহিক ও ক্রমবর্ধমান। এটি শহরটির বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জনের উদ্যোগে আত্মবিশ্বাস জুগিয়েছে।
জীবন্ত ঐতিহ্যই সাফল্যের মূল ভিত্তি
সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত ধারায় ধরে রাখা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। সি চিন পিংও বারবার এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
২০২৩ সালে জিংদেজেনের তাওইয়াংলি ঐতিহাসিক ও সাংস্কৃতিক এলাকা পরিদর্শন করেন সি চিন পিং। এ সময় তিনি প্রাচীন চুল্লির প্রত্নস্থলগুলোও ঘুরে দেখেন। চীনামাটির শিল্পের অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের ধারকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া উৎকৃষ্ট ঐতিহ্যবাহী সংস্কৃতি অবশ্যই নিজেদের হাতে ধরে রাখতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে একে এগিয়ে নিয়ে যেতে হবে।”
৩৬ বছর বয়সী ইউ ইন একটি চীনামাটির কারুশিল্পী পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা ও দাদাও এ পেশায় যুক্ত ছিলেন। টেলিভিশনে সি চিন পিংয়ের পরিদর্শনের খবর দেখে তিনি গভীরভাবে প্রভাবিত হন। বর্তমানে আরও বেশি তরুণকে এ শিল্পের প্রতি আকৃষ্ট করতে তিনি সিরামিক শিল্পের সঙ্গে জনপ্রিয় সংস্কৃতির সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, “জিংদেজেনে চীনামাটির ঐতিহ্য ধরে রাখার বিষয়টি কখনোই কয়েকজন মানুষের একক প্রচেষ্টা ছিল না; বরং এটি একটি বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ, ভালোবাসা ও সাধনার প্রতিফলন।”
অন্যান্য কিছু ঐতিহ্যবাহী অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে যেখানে চর্চাকারীর সংখ্যা কমে যাচ্ছে এবং নতুন উত্তরসূরির অভাব দেখা দিচ্ছে, সেখানে জিংদেজেনের চিত্র ভিন্ন। চীনের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের নানা দেশ থেকে তরুণ শিল্পী ও কারুশিল্পীরা এখানে আসছেন। তাঁরা শহরটিতে বসতি গড়ে ঐতিহ্যবাহী কারুশিল্পের চর্চা এবং সিরামিক শিল্পে নতুনত্ব আনার কাজে নিজেদের নিয়োজিত করছেন।
বর্তমানে শহরটিতে অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তিন হাজার ৪০০ জনের বেশি ধারক রয়েছেন। এ ছাড়া রয়েছেন এক লাখের বেশি তরুণ সৃজনশীল উদ্যোক্তা এবং অন্যান্য দেশ থেকে আসা ছয় হাজারের বেশি ‘বিদেশি জিংদেজেন-অভিবাসী’। শহরটির খ্যাতিতে আকৃষ্ট হয়ে তাঁরা এখানে এসেছেন।
৩৫ বছর বয়সী শিয়ে দংসি সিরামিক নকশায় পিএইচডি ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তিনি প্রথম জিংদেজেনে এসেছিলেন। এরপর সেখানেই স্থায়ীভাবে থেকে সিরামিক শিল্প নিয়ে গবেষণা ও সৃজনশীল কাজ চালিয়ে যাচ্ছেন।
তাঁর দৃষ্টিতে, বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া জিংদেজেনের জন্য কোনো চূড়ান্ত গন্তব্য নয়; বরং এটি একটি নতুন সূচনা।
শিয়ে বলেন, “বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি এক হাজার বছরের পুরোনো সিরামিক সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। এতে শুধু শহরটির পরিচিতিই বাড়েনি, বরং চীন ও বিশ্বের মধ্যে সিরামিক সংস্কৃতির বিনিময় এবং পারস্পরিক শিক্ষা ও বোঝাপড়ার জন্য একটি সোনালি সেতুও তৈরি হয়েছে।”
বর্তমানে শিয়ে ঘানার একজন শিল্পীর সঙ্গে যৌথভাবে একটি শিল্পকর্ম তৈরির প্রকল্পে কাজ করছেন। এতে ঐতিহ্যবাহী চীনা সিরামিকের নান্দনিকতা ও চীনামাটির তৈরির কৌশলের সঙ্গে বিদেশি শিল্পভাবনার সমন্বয় ঘটানো হচ্ছে। এর মাধ্যমে দুই ধারার শিল্পচর্চাকে একত্র করে বিকশিত করার পাশাপাশি চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে সিরামিক সংস্কৃতির প্রসার ঘটানোর চেষ্টা চলছে।
