মুক্তদেশ ডেস্ক: বাংলা একাডেমির সভাপতি ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে আগামীকাল সোমবার ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে তার মরদেহ রাখা হবে বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এ জন্য ঘোষিত হয়েছে পৃথক সময়সূচি।
বাংলা একাডেমি বলছে, আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ হবে। জানাজা শেষে মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। আজ রবিবার দুপুরে ৮৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতিমান এই রাষ্ট্রচিন্তক।
