মুক্তদেশ ডেস্ক:বলিউড অভিনেতা আমির খান ও তার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে প্রকাশ্যে এসেছে নবদম্পতির প্রথম ছবি, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে আমির খানের বাসভবনে নিবন্ধিত বিয়ের নথিতে স্বাক্ষর করছেন এই যুগল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আগের সংসারের সন্তানরা।
বিয়ের দিন আমিরের পরনে ছিল অফ-হোয়াইট রঙের ঐতিহ্যবাহী কুর্তা। অন্যদিকে গৌরী পরেছিলেন আইভরি রঙের এমব্রয়ডারি করা পোশাক, সঙ্গে ছিল হালকা গয়না ও নজরকাড়া নেকলেস। ছবিতে গৌরীর আগের সংসারের ছোট ছেলে এবং আমিরের ছেলে আজাদ রাও খানকেও দেখা যায়।
খবর অনুযায়ী, ৫ জুলাই আমির খানের মুম্বাইয়ের বাসভবনে অত্যন্ত সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয়। এতে দুই পরিবারের সদস্য, ছোটবেলার বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীসহ প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। নির্মাতা আশুতোষ গোয়ারিকরও অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গেছে।
প্যাস্টেল রঙের ফুল ও মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠানস্থল। জাঁকজমকের পরিবর্তে সাদামাটা ও পারিবারিক আবহেই সম্পন্ন হয় নিবন্ধিত এই বিয়ে।
জানা যায়, প্রায় ২৫ বছর আগে আমির খান ও গৌরী স্প্র্যাটের প্রথম পরিচয় হলেও দীর্ঘ সময় তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। পরে ২০২৪ সালে বেঙ্গালুরুতে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে তাদের পুনরায় যোগাযোগ হয়। এরপর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। পরবর্তীতে গৌরী মুম্বাইয়ে চলে এসে ‘আমির খান প্রোডাকশন্স’-এর সঙ্গেও যুক্ত হন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যাদের দুই সন্তান জুনাইদ ও ইরা খান। পরে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২১ সালে পারস্পরিক সমঝোতায় তাদের বিচ্ছেদ হয়।
এদিকে বিয়ের প্রথম ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। জাঁকজমক এড়িয়ে পারিবারিক পরিবেশে বিয়ের আয়োজন করায় অনেকেই এই তারকা দম্পতির প্রশংসা করছেন।
