মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
রবিবার পুলিশ-১ শাখা থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।’
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজি থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের সবাই ২০তম ব্যাচের কর্মকর্তা। তাদের মধ্যে কেউ বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত ছিলেন, আবার কেউ সংযুক্ত বা বিশেষ দায়িত্বে ছিলেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
