মুক্তদেশ ডেস্ক: শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বসনিয়া। জয়ী দল রাউন্ড অব ১৬-তে বেলজিয়ামের বিপক্ষে খেলবে।
বি-গ্রুপ থেকে তৃতীয় হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল বসনিয়া। অন্যদিকে ডি-গ্রুপে শীর্ষে থেকে রাউন্ড অব ৩২ খেলতে এসেছে স্বাগতিক দলটি।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২৪ বছর খরা ঘুচাল যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল মার্কিনরা।
ম্যাচের প্রথমার্ধে ফোলারিন বালোগুনের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগুন। ম্যাচের বাকি প্রায় ২৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
একজন বেশি খেলোয়াড় নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে বসনিয়া। একের পর এক পরিবর্তন এনে তারা সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। বহু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বসনিয়ানরা।
ম্যাচের ৮২ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। তার সেই অনবদ্য গোলেই জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের। এরআগে অবশ্য আরেকবার যুক্তরাষ্ট্র বল জালে জড়িয়েছিল, সেবার অফসাইডের বাশি বাজায় রেফারি।
এই জয়ে শেষ ষোলোতে উঠে এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামী সোমবার সিয়াটলে রাউন্ড অব ১৬-এ তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম। তবে সেই ম্যাচে লাল কার্ডের কারণে খেলতে পারবেন না বালোগুন।
