স্পোর্টস ডেস্ক: ৭-১ গোলে নবাগত কুরাসাওকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু করেছে জার্মানি।ম্যাচের হাভার্টেজ জোড়া গোলের পাশাপাশি আরও পাঁচ জার্মান নাম তোলেন স্কোর বোর্ডে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওয়ের মোকাবিলা করে জার্মানরা। ম্যাচের ৮৮তম মিনিটে কুরাসাওয়ের জালে সপ্তম গোল দেয় তারা।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দল কুরাসাওকে প্রথমার্ধেই ৩ গোল দিয়েছে জার্মানরা। যদিও ২১ মিনিটে কুরাসাও গোল করে জার্মানদের অনেকটাই ভড়কে দিয়েছিল।সবচেয়ে বেশি বার বিশ্বকাপ ফাইনাল খেলা জার্মানি শেষ দুই আসরে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।সর্বশেষ ২০১৪ সালে জার্মানরা চতুর্থ শিরোপার স্বাদ পেয়েছিল। এরপর থেকেই পথহারা তারা। রাশিয়ার পর কাতারেও গ্রুপ পর্বের বাধা পেরুতে পারেনি তারা।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ডধারী জার্মানি ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায়। ফ্লোরিয়েন ভির্টসের পাস ধরে বক্সের ডান প্রান্ত থেকে এনমেচারের ডান পায়ের শট জাল খুঁজে নেয়।
তবে এই লিড বেশিক্ষণ স্থায়ি হয়নি। ২১ মিনিটে জার্মানিকে থমকে দিয়ে ম্যাচে ফিরে কুরাসাও। লিভানো কোমেনেনসিয়া বক্সের বাইরে থেকে জোড়ালো শটে পরাস্ত করেন অভিজ্ঞ জার্মান কিপার মানুয়েল নয়ারকে। ক্যারিবিয়ান অঞ্চলের মাত্র ১ লাখ ৬৫ হাজার জনসংখ্যার দেশটির হয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করার রেকর্ড গড়েন কোমেনেনসিয়া।
ম্যাচের ২৮ মিনিটে নিকো শ্লোটারবেককে গোল করতে দেননি কুরাসাও কিপার এলয় রুম। ডানপ্রান্ত থেকে ইয়োশুয়া কিমিচের ফ্রি-কিকে শ্লোটারবেকের হেড ফিস্ট করে কর্নার করে দেন রুম।
৩৮ মিনিটে নাথানিয়েল ব্রাউনের কর্নারে শ্লোটারবেকের হেড জার্মানকে ফের লিড এনে দেয়। বরুসিয়া ডর্টমুন্ডের এই সেন্টারব্যাক জটলা থেকে স্লাইডিং হেডারে বল জড়ান দূরের পোস্টে। আর যোগ করা সময়ে কাই হাভার্টস পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে জার্মানকে আরও এগিয়ে নেন।
