মুক্তদেশ ডেস্ক: নতুন নিয়মের কারণে বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগমুহূর্তে নিজেদের অফিসিয়াল জার্সিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে মিসর। শুধু মিসর নয়, রাজনৈতিক বার্তার অভিযোগে ক্যারিবীয় দেশ হাইতির জার্সির একটি বিশেষ ডিজাইনও নিষিদ্ধ করেছে ফিফা।
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ইতিহাসে সবচেয়ে সফল দল মিসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে তারা দীর্ঘদিন ধরে নিজেদের জার্সিতে গর্বের সঙ্গে ‘৭টি তারা’ ব্যবহার করে আসছে।
তবে ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার নতুন কিট (জার্সি) নীতিমালা অনুযায়ী, বিশ্বকাপ ট্রফি ছাড়া অন্য কোনো আঞ্চলিক বা মহাদেশীয় টুর্নামেন্ট জয়ের প্রতীক জার্সিতে রাখা যাবে না। ফলে মিসরের জার্সি থেকে সরিয়ে ফেলতে হচ্ছে আফকনের সাত শিরোপার প্রতীক সেই সাতটি তারা।
এ ছাড়া মিসরের জার্সির পেছনে থাকা খেলোয়াড়দের নম্বরের রঙেও পরিবর্তন আনা হচ্ছে। আগে সোনালি রঙের নম্বর ব্যবহার করলেও ফিফা টেলিভিশন সম্প্রচার ও মাঠে রেফারিদের দ্রুত নম্বর শনাক্ত করার সুবিধার জন্য সেটি বদলে সাদা করার নির্দেশ দিয়েছে।
একই ধরনের সমস্যায় পড়েছে হাইতিও। ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলটির জার্সিতে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ভার্টিয়ার্সের যুদ্ধ’-এর একটি ইলাস্ট্রেশন এবং জাতীয় পতাকার নকশা যুক্ত করা হয়েছিল। ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এই প্রতীক হাইতির জন্য গুরুত্বপূর্ণ হলেও ফিফা এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করেছে।
ফিফার কিট নীতিমালার ১৪.২ ধারা অনুযায়ী, খেলোয়াড়দের পোশাকে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা, প্রতীক কিংবা ছবি ব্যবহার করা নিষিদ্ধ। এই নিয়মের কারণেই হাইতিকে তাদের জার্সি থেকে ওই ঐতিহাসিক ছবিটি সরিয়ে ফেলতে হয়েছে।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে জার্সি শুধু দলের পরিচয় নয়, একই সঙ্গে ফিফার নির্ধারিত নিয়মেরও অংশ। তাই মাঠের লড়াই শুরুর আগেই নিয়মের কারণে বদল আনতে হচ্ছে কয়েকটি দলের পোশাকে।
