মুক্তদেশ ডেস্ক: টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি বড় হতাশার হলেও সেই হতাশার মধ্যেই একটি ছোট্ট সান্ত্বনার জায়গা খুঁজে পেয়েছে ইতালিয়ানরা—কার্লো আনচেলত্তির বিশ্বকাপ উপস্থিতি।
এই ইতালিয়ান কোচ এবার ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপ অভিযানে নেমেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক কোরিয়েরে দেল্লো স্পোর্ট শিরোনাম করেছে, ‘কার্লো, আপনি আমাদের সবার প্রতিনিধিত্ব করছেন।’
ইতালি বিশ্বকাপে না থাকলেও একজন ইতালিয়ান কোচকে ঘিরেই এখন তাদের আগ্রহ। আনচেলত্তিকে নিজেদের গর্ব হিসেবে দেখছে তারা এবং ব্রাজিলের প্রতি সমর্থন জানাচ্ছে। ভিনি জুনিয়র, রাফিনিয়া ও কুনিয়াকে নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগের ওপরও আস্থা রাখছে ইতালির ফুটবলপ্রেমীরা।
ক্লাব ফুটবলে অসাধারণ সফল আনচেলত্তি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই কোচ এবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপের হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশনে নেমেছেন। প্রথম ম্যাচে তার দল মুখোমুখি হবে মরক্কোর।
আনচেলত্তির বিশ্বকাপ যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে ইতালির ক্রীড়া মহল। নিজেদের দল না থাকলেও এক ইতালিয়ানের সাফল্যেই এবার গর্ব খুঁজছেন তারা।
