মুক্তদেশ ডেস্ক: গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৬-এ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। এ তালিকায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বাংলাদেশ ।
অস্ট্রেলিয়া-ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) গত ৯ জুন প্রকাশিত এই সূচকে বাংলাদেশকে ‘মিডিয়াম’ বা মধ্যম শান্তির স্তরে শ্রেণিবদ্ধ করেছে।
মোট ১৬৩টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি এই সূচকে বাংলাদেশের অবস্থান ১১৭তম, এবং স্কোর ৫-এর মধ্যে ২.২২৬।
বিশ্বের ৯৯.৭ শতাংশ জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও ভূখণ্ড নিয়ে এবার জিপিআইয়ের ২০তম সংস্করণটি প্রকাশিত হয়েছে।
মূলত তিনটি ক্ষেত্রে ২৩টি ভিন্ন ভিন্ন সূচক ব্যবহার করে শান্তির হিসাব করা হয়। সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত এবং সামরিকীকরণ। সূচকে যার স্কোর যত কম, সেই দেশে শান্তির মাত্রা তত বেশি।
বাংলাদেশের প্রাপ্ত স্কোরের চিত্রটি এমন-সামাজিক নিরাপত্তা ও সুরক্ষায় ২.৫৭৯, চলমান সংঘাতে ২.২৩৭ ও সামরিকীকরণে ১.৬১৫।
দক্ষিণ এশিয়ায় এবারও সবচেয়ে শান্তিপূর্ণ দেশের অবস্থান ধরে রেখেছে ভুটান। বৈশ্বিক তালিকায় ১৬তম স্থানে থাকা দেশটি এ অঞ্চলের একমাত্র রাষ্ট্র, যাদের শান্তির মাত্রাকে ‘উচ্চ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
৬৭তম বৈশ্বিক অবস্থান নিয়ে এ অঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা; এরপরই ১১১তম স্থানে আছে নেপাল।
চলমান সংঘাতের সূচকে অবনতি হওয়ায় ‘নিম্ন’ শান্তির মাত্রায় নেমে গেছে ভারত; দক্ষিণ এশিয়ায় তাদের অবস্থান পঞ্চম এবং বিশ্বে ১২৭তম।
অন্যদিকে যথাক্রমে ১৫২ ও ১৫৭তম স্থানে থাকা পাকিস্তান ও আফগানিস্তান বরাবরের মতোই এই অঞ্চলের সবচেয়ে অশান্ত ও অস্থিতিশীল দেশ হিসেবে একেবারে নিচের দিকে আছে।
