মুক্তদেশ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর আজ প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার বিকেল ৩টায়রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।
সরকারি তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।
প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। বিশাল এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের বিশাল চ্যালেঞ্জ, বাজেট ঘাটতি অর্থায়ন এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
