মুক্তদেশ ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ’ মানেই কোটি কোটি দর্শকের উন্মাদনা, বিশাল জনসমাগম এবং তীব্র উত্তেজনা। তবে এমন একটি বৈশ্বিক আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা আয়োজক দেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের বিশ্বকাপে প্রযুক্তিনির্ভর এক নতুন উদ্যোগ নিয়েছে মেক্সিকান পুলিশ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবার প্রচলিত পুলিশ কুকুরের (কে-৯ ইউনিট) পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর চার পেয়ে ‘রোবট ডগ’ বা রোবটিক কুকুর ব্যবহার করবে মেক্সিকো।
নিরাপত্তার দায়িত্বে থাকা এসব রোবটিক কুকুর তৈরি করা হয়েছে ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে কাজ করার জন্য। স্টেডিয়াম বা আশপাশের এলাকায় সংঘর্ষ, বিশৃঙ্খলা কিংবা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হবে এগুলোকে।
রোবটগুলোর প্রধান কাজ হবে সরাসরি ঘটনাস্থল পর্যবেক্ষণ করা। এতে সংযুক্ত থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা, যা লাইভ ভিডিও ও প্রয়োজনীয় তথ্য নিরাপত্তা নিয়ন্ত্রণকক্ষে পাঠাবে। ফলে পুলিশ সদস্যরা সরাসরি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের আগে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
বিশ্বকাপের মতো বড় আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশটির মনটেরি মেট্রো অঞ্চলের গুয়াদালুপে সিটি কাউন্সিল এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রায় ২৫ লাখ মেক্সিকান পেসো (প্রায় ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার) ব্যয়ে রোবটিক কুকুরগুলো সংগ্রহ করা হয়েছে।
গুয়াদালুপের মেয়র হেক্টর গার্সিয়া বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা মোকাবিলায় এসব রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশ সদস্যদের সরাসরি ঝুঁকিতে না ফেলে প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগুলো সহায়ক হবে।
প্রযুক্তি ব্যবহারের মূল লক্ষ্য হলো নিরাপত্তা কর্মীদের জীবন রক্ষা করা। দাঙ্গা, সন্ত্রাসী হামলা বা বিপজ্জনক পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সরাসরি প্রবেশের ঝুঁকি কমিয়ে রোবটগুলো আগে থেকে তথ্য সংগ্রহ করতে পারবে।
বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থায় মেক্সিকোর এই উদ্যোগ প্রযুক্তির নতুন ব্যবহারের উদাহরণ তৈরি করেছে। একদিকে অপরাধ দমনে সহায়তা করবে রোবটিক কুকুর, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঝুঁকিও কমাবে। ফলে ফুটবলপ্রেমীরা আরও নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।
