মুক্তদেশ ডেস্ক: খেলোয়াড় পরিষ্কার অফসাইডে ছিলেন, অথচ রেফারি গোল দিয়ে দিলেন—ফুটবলে এমন বিতর্ক নতুন নয়। সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের ক্ষোভও বিশ্বকাপের পরিচিত দৃশ্য। আবার প্রচণ্ড গরমে গ্যালারিতে বসে দর্শকদের অস্বস্তির ছবিও দেখা যায় প্রায়ই। তবে ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সেই চেনা অভিজ্ঞতা। মাঠের ভুল কমানো থেকে শুরু করে দর্শকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি।
ফিফার তথ্য এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রযুক্তি বিশ্লেষণ অনুযায়ী, এবারের বিশ্বকাপ আগের যেকোনো আসরের তুলনায় বেশি প্রযুক্তিনির্ভর হতে যাচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার থাকবে চোখে পড়ার মতো।
স্মার্ট বলেই হবে নিখুঁত সিদ্ধান্ত
২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় প্রযুক্তিগত চমক হলো বলের ভেতরে থাকা বিশেষ ‘স্মার্ট চিপ’। ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস ও জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান কিনেক্সনের যৌথ উদ্যোগে তৈরি এই প্রযুক্তি বলের গতি, ঘূর্ণন এবং খেলোয়াড়ের স্পর্শের তথ্য তাৎক্ষণিকভাবে ভিএআর (VAR) কক্ষে পাঠাবে।
চিপটি প্রতি সেকেন্ডে শত শত তথ্য সংগ্রহ করতে সক্ষম। ফলে অফসাইডের মুহূর্তে ঠিক কখন বল পাস করা হয়েছে বা শট নেওয়া হয়েছে, তা অত্যন্ত নির্ভুলভাবে শনাক্ত করা যাবে।
এআই দেখাবে অফসাইডের থ্রিডি চিত্র
স্মার্ট বলের সঙ্গে যুক্ত হবে নতুন প্রজন্মের ‘সেমি-অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে থাকা বিশেষ ক্যামেরা মাঠের খেলোয়াড়দের শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়মিত পর্যবেক্ষণ করবে।
ক্যামেরা খেলোয়াড়দের শরীরের বিভিন্ন জয়েন্ট পয়েন্ট ট্র্যাক করে তাদের অবস্থান নির্ণয় করবে। এরপর বলের চিপ ও ক্যামেরার তথ্য একত্র করে এআই তৈরি করবে অফসাইডের থ্রিডি অ্যানিমেশন। রেফারি সিদ্ধান্ত দেওয়ার পর মুহূর্তেই সেই দৃশ্য স্টেডিয়ামের বড় পর্দা ও টেলিভিশনে দেখানো হবে, ফলে বিতর্ক কমবে।
কোচদের জন্য ‘ফুটবল ভিডিও সাপোর্ট’
ভিএআর প্রযুক্তির পাশাপাশি এবার থাকছে ‘ফুটবল ভিডিও সাপোর্ট’ (FVS)। এটি কোচদের হাতে সরাসরি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ দেবে।
প্রতি ম্যাচে দুই দলের কোচ বড় কোনো সিদ্ধান্ত নিয়ে রিভিউ চাইতে পারবেন। ভিডিও বিশ্লেষণে কোচের অভিযোগ সঠিক প্রমাণিত হলে তারা আবারও রিভিউয়ের সুযোগ পাবেন। আর ভুল প্রমাণিত হলে সেই সুযোগ আর থাকবে না। এতে ম্যাচের স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
গরমেও স্বস্তিতে থাকবে দর্শক-খেলোয়াড়
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন তাপমাত্রা মোকাবিলায় স্টেডিয়ামগুলোতে ব্যবহার করা হবে আধুনিক ‘স্মার্ট মাইক্রো ক্লাইমেট কন্ট্রোল’ প্রযুক্তি।
এআই সেন্সরের মাধ্যমে স্টেডিয়ামের তাপমাত্রা, আর্দ্রতা ও দর্শকের উপস্থিতি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা বাতাস সরবরাহ করা হবে। এর ফলে খেলোয়াড় ও দর্শক উভয়েই তুলনামূলক আরামদায়ক পরিবেশ পাবেন।
এআর প্রযুক্তিতে বদলে যাবে দর্শকের অভিজ্ঞতা
গ্যালারিতে বসে খেলা দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে ফিফা প্লাস অ্যাপে যুক্ত হচ্ছে ‘অগমেন্টেড রিয়ালিটি’ (AR) সুবিধা।
দর্শক মোবাইল ক্যামেরা মাঠের দিকে ধরলেই স্ক্রিনে দেখা যাবে খেলোয়াড়দের নাম, দৌড়ের গতি, পাসের সাফল্যের হারসহ নানা লাইভ তথ্য। ফলে মাঠের খেলা দেখার পাশাপাশি দর্শকরা পাবেন বিশ্লেষণধর্মী নতুন অভিজ্ঞতা।
সব মিলিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুধু বিশ্বের সেরা ফুটবল প্রতিভার লড়াই নয়, এটি হবে আধুনিক প্রযুক্তিরও এক বড় প্রদর্শনী। মাঠের সিদ্ধান্ত, দর্শকের অভিজ্ঞতা এবং পুরো আয়োজন—সবকিছুতেই নতুন যুগের সূচনা করতে যাচ্ছে এই বিশ্বকাপ।
