চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবাসহ এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে আনোয়ারা উপজেলার শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম নগরী থেকে মোটরসাইকেল যোগে আনোয়ারা যাচ্ছিলেন দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। পথে শাহ আমানত সেতু পার হলে পেছন থেকে একটি পিকআপ তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুর্গাপদ মল্লিক নিহত হন। পরে স্থানীয়রা বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনিও মারা যান।
নিহতরা আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা। তারা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। বিধান মল্লিকের পরিবারে স্ত্রী ও ২ ছেলে ১ মেয়ে রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে দুর্গাপদ মল্লিক নিহত হন। তার ছেলে বিধান মল্লিককে হাসপাতালে নিয়ে আসার পর তিনিও মারা যান। দুইজনের লাশ মর্গে রাখা হয়েছে।
