মুক্তদেশ ডেস্ক: দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি–র নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নীল প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।
সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী দুই হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
গত ২ এপ্রিল এক নোটিশে সমিতির ২০২৬–২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে গণনা শুরু হয়। গণনা শেষে বৃহস্পতিবার রাত দুইটার দিকে সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফল ঘোষণা করেন।
এক বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলো হলো— একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্য।
