মুক্তদেশ ডেস্ক: হান্টাভাইরাসে আক্রান্ত যাত্রীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম সমন্বয়ে শনিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে পৌঁছানোর কথা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।
স্পেনের স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তিনি একটি কমান্ড পোস্টে যোগ দেবেন, যাতে প্রশাসনিক সমন্বয়, স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং নজরদারি ও প্রতিক্রিয়া প্রোটোকল বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
ডাচ পতাকাবাহী ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস প্রাদুর্ভাবে ইতোমধ্যে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক ডাচ দম্পতি ও এক জার্মান নারী। এছাড়া আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, আক্রান্তদের মধ্যে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে। এটি হান্টাভাইরাসের একমাত্র ধরন যা মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। এতে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
প্রায় ১৫০ আরোহী নিয়ে জাহাজটি রোববার স্পেনের ক্যানারি দ্বীপ টেনেরিফে পৌঁছানোর কথা রয়েছে। এরপর বিশেষ ফ্লাইটে যাত্রীদের নিজ নিজ দেশে পাঠানো হবে।
তবে ডব্লিউএইচও জানিয়েছে, সাধারণ মানুষের জন্য এই প্রাদুর্ভাবের ঝুঁকি খুবই কম। সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, “এটি বিপজ্জনক ভাইরাস হলেও মূল ঝুঁকি কেবল আক্রান্ত ব্যক্তির জন্য। সাধারণ জনগণের জন্য ঝুঁকি অত্যন্ত কম।”
তিনি আরও বলেন, একই কেবিনে থাকা ব্যক্তিদের মধ্যেও অনেক ক্ষেত্রে সংক্রমণ ছড়ায়নি, যা প্রমাণ করে ভাইরাসটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আটটি সন্দেহভাজন ঘটনার মধ্যে ছয়টিতে সংক্রমণ নিশ্চিত হয়েছে। বর্তমানে জাহাজে আর কোনো সন্দেহভাজন রোগী নেই।
এদিকে ডাচ বিমান সংস্থা কেএলএমের এক ফ্লাইট অ্যাটেনডেন্ট, যিনি আক্রান্ত এক যাত্রীর সংস্পর্শে এসেছিলেন, তার হান্টাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ওই যাত্রী ছিলেন প্রাদুর্ভাবে প্রথম নিহত ব্যক্তির স্ত্রী।
স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব স্পেনের এক নারীও উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে আইসোলেশনে রয়েছেন এবং তার পরীক্ষা চলছে। তিনি আক্রান্ত নারীর কাছাকাছি আসনে বসেছিলেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার এক নারী, যিনি একই ফ্লাইটে ছিলেন, বর্তমানে উপসর্গহীন অবস্থায় নিজ দেশে রয়েছেন।
সিঙ্গাপুরের দুই বাসিন্দা, যারা জাহাজে ছিলেন, তাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে সতর্কতামূলকভাবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এমভি হন্ডিয়াস গত ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে কয়েকজন অসুস্থ যাত্রীকে সরিয়ে নেওয়া হয়।
জাহাজে থাকা ইউটিউবার কাসেম ইবনে হাত্তুতা জানান, চিকিৎসকরা জাহাজে যোগ দেওয়ায় যাত্রীরা আশ্বস্ত হয়েছেন। তিনি বলেন, “সবাই পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করছে। মানুষ হাসিখুশি থাকার চেষ্টা করছে।”
তিনি আরও জানান, যাত্রীরা ঘরের ভেতর মাস্ক পরছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। তাদের নেব্রাস্কার একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে নেওয়া হবে।
স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি টেনেরিফ উপকূলে নোঙর করবে, তবে বন্দরে ভিড়তে দেওয়া হবে না। যাত্রীদের ছোট নৌযানে তীরে এনে বাসে করে বিমানবন্দরে নেওয়া হবে।
খারাপ আবহাওয়ার আশঙ্কায় রোববার ও সোমবারের মধ্যেই সরিয়ে নেওয়ার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে ক্যানারি আঞ্চলিক সরকার।
এদিকে টেনেরিফের বন্দরের শ্রমিকরা জাহাজটির আগমনের প্রতিবাদ করেছেন।
ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আটলান্টিকের দুর্গম দ্বীপ ট্রিস্টান দা কুনহায়ও একটি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা পাওয়া গেছে।
