মুক্তদেশ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় কর্মরত পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে বদলি করে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, আদাবর থানার বর্তমান পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি)।
একই আদেশে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে হাতিরঝিল থানায় তদন্ত পরিদর্শক হিসেবে কর্মরত মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়।
এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।
