মুক্তদেশ ডেস্ক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল মাসে প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ কবে, জানাল পিএসসি
সূত্র জানায়, এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। এর আগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলও কমিশনের পূর্বঘোষিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল এপ্রিল মাসে প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে।
গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ১৮ ডিসেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে।
পিএসসির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুততম সময়ে মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
