মুক্তদেশ ডেস্ক: মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। আগামী ১২ মার্চ বা তার দু-এক দিন আগেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ হওয়ায় ১৪ মার্চের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধানও সংবিধানে উল্লেখ আছে।
গতকাল দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধিবেশনের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হয়। এটি প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস। এর আগে তিনি সচিবালয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন
সালাহউদ্দিন আহমেদ জানান, প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। স্পিকার নির্বাচনের পর সংসদ ২০ মিনিটের জন্য মুলতবি থাকবে এবং রাষ্ট্রপতি নতুন স্পিকারকে শপথ পাঠ করাবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
তবে প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন, তা এখনও স্পষ্ট নয়। বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হয়েছেন। ফলে সংসদের কার্যপ্রণালি বিধি ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত কোনো সদস্য বা জ্যেষ্ঠ সদস্য প্রথম বৈঠকে সভাপতিত্ব করতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকার ও বিরোধী দলের প্রস্তুতি
নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি ইতোমধ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে। তবে স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদে মনোনয়ন এখনও ঘোষণা করা হয়নি।
অন্যদিকে ৬৮ আসন পাওয়া জামায়াতে ইসলামী দলটির আমির শফিকুর রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে। বিরোধীদলীয় উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম অধিবেশন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপতির দপ্তরে অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হয়েছে।
প্রাণবন্ত সংসদের প্রত্যাশা
জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, তাঁরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবেন। অন্যদিকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, দেশ গঠনের স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঈদের আগেই খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন ধর্মগুরুর জন্যও সম্মানী ও উৎসব ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন। কার্যালয়ে প্রবেশের পর তিনি একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। সংসদের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং বিরোধী দলের ভূমিকা কতটা কার্যকর হবে—তা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে।
