মু্ক্তদেশ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন বলে তাঁর দপ্তর জানিয়েছে।
রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় অতিক্রম করে গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশায় ভোট দিচ্ছে দেশের মানুষ। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটের মাধ্যমে মতামত দিচ্ছেন ভোটাররা।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। জামায়াতে ইসলামী মনোনীত এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়েছে।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন দেশের প্রায় পৌনে ১৩ কোটি ভোটারকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে।
ভোটের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, সংসদ নির্বাচন ও গণভোটকে শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’।
তিনি বলেন, “এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি শুধু একটি নির্বাচন বা সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব শ্রেণি-পেশার ভোটারদের প্রতি আমার উদাত্ত আহ্বান—আপনারা সকলে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করুন।”
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
