মু্ক্তদেশ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, ভোট দেওয়ার পর তিনি তার রাজনৈতিক কার্যালয়ে যান।
একই কেন্দ্রে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাঁর দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও ভোটাধিকার প্রয়োগ করেন।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর স. ম. খালিদুজ্জামান, জাতীয় পার্টির আতিক আহমেদ এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ মোট ১১ জন প্রার্থী। তবে বুধবার চারজন প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্তমান চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করে তিনি ভার্চ্যুয়ালি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন।
ভোটকেন্দ্রে এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
