মুক্তদেশ ডেস্ক: ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে সকাল থেকেই সভাস্থলে জড়ো হচ্ছেন দলের নেতা–কর্মী ও সমর্থকেরা।
আজ সকাল ৯টার দিকে সভাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের মাঝখানে একটি এলইডি পর্দা এবং দুই পাশে ব্যানার টানানো হয়েছে। বাঁ পাশের ব্যানারে লেখা ‘আই হ্যাভ এ প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’। আয়োজকদের তথ্যমতে, বেলা আড়াইটায় মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেবেন তারেক রহমান।
জনসভাস্থলের চারপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সিএসএফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। সভায় যোগ দিতে গতকাল রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা–কর্মী ও সমর্থকেরা ময়মনসিংহে আসতে শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহে একটি প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এই জনসভাকে ঘিরে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়মনসিংহ নগরজুড়ে পোস্টার ও প্যানা টানিয়ে তাঁকে স্বাগত জানানো হয়েছে।
জামালপুরের মেলান্দহ থেকে আসা বিএনপিকর্মী নজর আলী (৫২) বলেন, “ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ৪০–৫০ জন একসঙ্গে এসেছি। নেতাকে কাছ থেকে দেখতে সকালেই চলে এসেছি।”
ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের আবদুল লতিফ সরকার বলেন, “আমি সক্রিয়ভাবে রাজনীতি করি না, তবে তারেক রহমানকে দেখতে এসেছি।”
এদিকে জনসভাকে ঘিরে গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, প্রায় ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহ সফর উপলক্ষে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তিনি জানান, সভায় ময়মনসিংহ বিভাগভুক্ত ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার ২৪টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হতে পারে।
আয়োজকদের আশা, সার্কিট হাউস মাঠকেন্দ্রিক এ জনসভায় বিপুল লোকসমাগম হবে এবং তা নগরের বিভিন্ন সড়কেও ছড়িয়ে পড়বে।
