মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে।
ভারত সরকারের সূত্রগুলো পিটিআইকে জানিয়েছে, এটি একটি পূর্ব–সতর্কতামূলক ব্যবস্থা। এ সিদ্ধান্তের আওতায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরে যেতে বলা হয়েছে।
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এমন পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো পূর্ণ সক্ষমতার সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের জন্য দেশটিকে ‘নন–ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তও নিয়েছে নয়াদিল্লি।
