মু্ক্তদেশ ডেস্ক:
মাদুরোর বদলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত ছিল: খাজা আসিফ
ভেনেজুয়েলায় অভিযান না চালিয়ে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে যে কোনো আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
খাজা আসিফ ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের কঠোর সমালোচনা করেন। তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারকে ‘অপহরণ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিপন্থী। তবে একই ধরনের পদক্ষেপ যদি ইসরায়েলের ক্ষেত্রে নেওয়া হয়, তাহলে তা ন্যায্য ও যুক্তিসংগত হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিন পরিস্থিতি ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার হওয়া উচিত। তাঁর মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ছিল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনা।
উল্লেখ্য, কয়েক দিন আগে মার্কিন অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র সরকার। তবে মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
