
মুক্তদেশ ডেস্ক:
তৃণমূলের পরামর্শক সংস্থা আইপ্যাকে গতকাল অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনীতিবিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। এ ঘটনায় ক্ষুব্ধ হন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিজেপি আমাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসপ্রধান দুর্নীতিতে ডুবে আছেন। এখন প্রশ্ন হচ্ছে— ইডির অভিযান ঘিরে কি উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কী ঘটতে যাচ্ছে আগামীতে।
আইপ্যাকে অভিযান
সম্প্রতি কয়লা পাচারকাণ্ডের পুরোনো মামলায় তৎপর হয়ে উঠে ইডি। গতকাল সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের মধ্য কলকাতার বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভের দপ্তরে তল্লাশি অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তল্লাশির পর পরই কলকাতা হাইকোর্টে মামলা করেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি লাউডন স্ট্রিটে দলের আইটি সেলের প্রধান প্রতীকের বাড়িতে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে তিনি বাড়িতে ঢুকেন। কয়েক মিনিট পরে একটি সবুজ রঙের ফাইল হাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে বেরোনোর পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা আমার দলের সব নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি।’
পরে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও যান তৃণমূল নেত্রী। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ভোটের রণনীতি ও প্রার্থী তালিকা হাতাতেই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ওই অভিযান চালানো হয়েছে। যদিও ইডির তরফে দাবি করা হয়েছে, পুরোনো এক মামলার কারণে আইপ্যাকের দপ্তরে ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।’
ইডির অভিযান চলাকালে মুখ্যমন্ত্রীর এই ভূমিকা প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তুভ বাগচী বলেন, ‘মুখ্যমন্ত্রী যা করলেন তা সাংবিধানিক কাজে হস্তক্ষেপ এবং কাজে বাধা দান। এই কাজকে নিন্দা জানাই। ইডির উচিত তার ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া।’
পশ্চিমবঙ্গ বিধান সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি ইডির তদন্তের ব্যাপারে ঢুকব না। মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়াকে অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করি।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতা শুভেন্দু।
আইপ্যাকে অভিযানের প্রতিবাদে আজ শুক্রবার সকালেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের আটজন সংসদ সদস্য (এমপি)। এ সময় তাদেরকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তল্লাশির উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচন কৌশল চুরি করা, সম্ভাব্য প্রার্থী তালিকা হাতানো এবং ভোটের আগে সংগঠনকে দুর্বল করে দেওয়া, যাতে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে পারে।
এদিকে আজ দুপুরে কলকাতার রাস্তায় প্রতিবাদ সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের কার্যক্রম চলাকালীন মুখ্যমন্ত্রী ব্যানার্জি কলকাতার যাদবপুর থেকে ৬ কিলোমিটার দূরে হাজরা ক্রসিং পর্যন্ত হেঁটে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ শুরু করেন। মমতা তার পেছনে দলের নেতাকর্মীদের একটি বিশাল দল নিয়ে সামনের দিকে হাঁটছিলেন, এবং রাস্তার ধারে বিশাল জনতা তাকে সমর্থন করার জন্য সারিবদ্ধ ছিল।
সমাবেশে তৃণমূণ নেতাকমীরা জানান, বিজেপি পশ্চিমবঙ্গের জয়লাভের জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্য বিজেপি যা যা করা দরকার তা করছে।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রধান দুর্নীতিতে ডুবে আছেন। বিজেপির জ্যেষ্ঠ নেতা রবি শঙ্কর প্রসাদ বলেছেন, ইডি কর্মকর্তাদের ভয় দেখানোর জন্য মমতাকে অভিযুক্ত করা উচিত। রবি শঙ্কর আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির অভিযানে বাধা দেওয়ার ঘটনা ঘিরে অনেক সন্দেহজনক পরিস্থিতি রয়েছে…। তিনি বলেন, এই বাধা দেওয়ার অর্থ হল- তাকে এবং তার দলকে জড়িত করে এমন সংবেদনশীল কিছু রয়েছে। এজন্য তিনি অভিযানস্থলে যান।
এদিকে আইপ্যাক প্রধানের অভিযোগ শুনানিরত কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষও অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করে আদালত কক্ষ ত্যাগ করেন। যেহেতু সপ্তাহান্তে হাইকোর্ট কাজ করবে না, তাই এখন কেবল আগামী বুধবার মামলাটি গ্রহণ করা হবে।
অভিযানে বিজেপি নেতাদের ভূমিকা মমতার তোলা অভিযোগের সত্যতা প্রমাণ করে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ইডির তল্লাশি নিয়ে প্রশ্ন
তৃণমূল কংগ্রেস তাদের ভোটের কৌশল ঠিক করার দায়িত্ব আইপ্যাক’কে দিয়েছে। আগে এটা ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা। এখন প্রশান্ত কিশোর আর আইপ্যাকের সঙ্গে নেই। গতকাল বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও বর্তমান মালিক প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাদের দাবি, তারা কয়লা কেলেঙ্কারির তদন্তের অঙ্গ হিসাবে এই কাজ করছে।
পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ও সাবেক সাংসদ জহর সরকার বলেছেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচন যখন আসছে, তখন ইডির এই তল্লাশির পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। আইনের চাদর দিয়ে যা ঢেকে রাখা হয়েছে। দরকার হলে তারা অভিযুক্তদের সমন করতে পারত, নথিপত্র নিয়ে দেখা করতে বলতে পারত। কিন্তু এটা এখন নিয়মে দাঁড়িয়ে গেছে যে, তারা যখন ইচ্ছে ডাকবে, অভিযুক্তদের তুলে নেবে। তাদের কাজের পেছনে একটা রাজনৈতিক প্রতিহিংসা কাজ করে।’
তবে জহর সরকার মনে করেন, ইডি এই কাজটা করতে পেরেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। আইপ্যাক এমন একটা বেসরকারি সংস্থা, যা রাজনৈতিক দলের অঙ্গও নয়, আবার তার বাইরেও নয়। দলের নেতাদের নিয়ে রিপোর্টও আইপ্যাক দেয়। মমতা যদি আইপ্যাককে দলের অঙ্গ ঘোষণা করতেন বা দলীয় অফিসে তাদের কাজ করতে দিতেন, তাহলে এই ফাঁকটা থাকত না। এই ফাঁকের ফায়দা ইডি নিয়েছে এবং গোল করে দিয়েছে।
আবার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সলিল ভট্টাচার্য বলেন, ইডি তো আইনসঙ্গতভাবে তদন্ত করছে। এটা বলতে পারেন- শ্লথ গতিতে। ইডি তো কোনো ভোটকুশলীর ঘরে তল্লাশি চালায়নি, তারা মানি লন্ডারিং আইন অনুযায়ী চুরি ও দুর্নীতির তদন্ত করতে গেছে। কোনো দলের প্রার্থী তালিকা, কোথায় কত বিএলও মারা গেছেন এসবের খোঁজে যায়নি। তারা বেআইনি অর্থের সূত্র ধরতে গেছে। তাদের কাজ করেছে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর মতটা একটু আলাদা। তিনি বলেন, ‘ইডি ফোঁস করছে, কিন্তু কামড় দিতে পারছে না। তারা এক্ষেত্রেও আবার ফোঁস করেছে। মানি লন্ডারিং হয়, এটা তো সবাই বোঝে, কিন্তু ইডিকে তো সেটা এসটাবলিশ করতে হবে। তারা এতদিন ধরে তদন্ত করেও তা এসটাবলিশ করতে পারেনি।’
মমতা কি ঠিক কাজ করেছেন
মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাক অফিস দুই জায়গাতেই তদন্ত চলার সময় যান। সেখান থেকে ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ, ফোন নিয়ে আসেন। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী জোর করে সেগুলো নিয়ে এসেছেন।
জহর সরকার মনে করেন, ‘মুখ্যমন্ত্রীর নিজে গিয়ে এভাবে ফাইল নিয়ে আসা শোভনীয় নয়। তিনি জেনে-শুনে আইন লঙ্ঘন করেছেন। একজন সরকারী কর্মীকে সরকারি কাজে বাধা দিয়েছেন। তিনি নিজেও তো একজন পাবলিক সার্ভেন্ট।’
সলিল ভট্টাচার্য জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী যা করেছেন, তাতে তার বিরুদ্ধে ৩০৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি এভাবে নথিপত্র নিয়ে যেতে পারেন না।’
বিশ্বনাথ চক্রবর্তীর মতে, ‘মুখ্যমন্ত্রী যে এইভাবে নথিপত্র ছিনিয়ে আনলেন এবং তারপর ইডি কোনো ব্যবস্থা নিতে পারলো না, এটা পুরোপুরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যর্থতা। ইডি যদি তা আটকাতে পারত, দরকারে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারত, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ত। আর মমতা সবসময়ই মনে করেন, প্রতিরক্ষার সেরা অস্ত্র হলো পাল্টা আক্রমণ করা। তিনি সেটাই করেছেন।’
কিন্তু সলিল ভট্টাচার্য মনে করেন, এটা ইডির পক্ষে করা সম্ভব ছিল না। তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি ব্যবস্থা নিতে গেলে বুমেরাং হতো। মুখ্যমন্ত্রী সেখানে পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে গেছিলেন। তিনি নারী মুখ্যমন্ত্রী। কিছু হলে সারা দেশে আলোড়ন পড়ে যেত।’
প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র ডিডাব্লিউকে বলেছেন, ‘এখানে দুইটি খারাপ দৃষ্টান্তের সংঘাত হয়েছে।’
পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কেন গেলেন?
শুধু মমতা নন, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্যসচিবও ইডির তদন্তের জায়গায় গেছিলেন।
জহর সরকার জানিয়েছেন, ‘আমাকে বলা হলে আমি অন্তত এইভাবে যেতাম না। মুখ্যমন্ত্রী বললে অফিসারদের যেতে হবে, তবে আমার এটা দেখতে ভালো লাগেনি। মুখ্যমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গেছেন, সেখানে সরকারি অফিসারদের কী ভূমিকা থাকতে পারে? এখানে পুলিশ কর্তাদের যেতে হলো কেন, ডেপুটি কমিশনার গেলেই হতো।’
সলিল ভট্টাচার্য বলছেন, যা ঘটেছে তা অন্যায়, বেআইনি ও পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অফিসারদের কাছ থেকে প্রত্যাশিত নয়।’
বিশ্বনাথ চক্রবর্তীর মত হলো, ‘এটা সরকারি কর্মীদের সার্ভিস রুলসের বিরোধী। কিন্তু অতীতেও তারা এই কাজ করেছেন এবং পার পেয়ে গেছেন।’
রাজনৈতিক লাভ কার?
শুভাশিস মৈক্রের ধারণা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শক্তি বেশি, তাই তৃণমূলেরই লাভ হওয়ার সম্ভাবনা বেশি। মমতা এখন পুরোপুরি ইলেকশন মোডে চলে গেছেন। তিনি রাজনৈতিক লড়াই করছেন। ইডি বা সিবিআই বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। ভোটের আগে তারা বিরোধীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে তৎপরতা বাড়ায়। এটা মানুষের কাছে চেনা ছক হয়ে গেছে।
বিশ্বনাথ আবার মনে করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের ধারণা, তিনি ঠিক কাজই করেছেন। তাদের কাছে এটা বীরত্বের কাজ। আগামী কয়েকদিনে ইডি যদি কোনো তথ্যপ্রমাণ না দিতে পারে, তাহলে রাজনৈতিক সেটিংয়ের অভিযোগ প্রতিষ্ঠা পাবে।’
জহর সরকারের দাবি, মমতা সবকিছুতে শহিদিয়ানা আনতে পারে। এটা তার জিনে আছে। রাজনৈতিক দিক থেকে ভিকটিম হওয়ার কার্ড মমতা খেলবেন। ইডি এখানে আইন দেখাতে পারে। আর মমতা তার লড়াইকে সামনে আনবেন। এক্ষেত্রে অ্যাডভান্টেজ মমতা।’
২০২৬ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইপ্যাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করছে। দেখা যাক- এই পরিস্থিতে কী ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে।
তথ্যসূত্র: এনডিটিভি, ডয়েচে ভেলে বাংলা, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার
