মুক্তদেশ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানী গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। মঙ্গলবার বিএনপির অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।
এদিন দলের স্থায়ী কমিটির জরুরি সভার পর জানানো হয়, দলীয়ভাবে আগামী ৭ দিন শোক পালনের পাশাপাশি দলের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বিদেশি মিশন, দূতাবাস ও অফিস সমূহের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের সুবিধার্থে গুলশানের চেয়ারপারসন কার্যালয় ও পল্টনের দলীয় প্রধান কার্যালয়ে আজ থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত শোকবই খোলা থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিন সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়।
পাশাপাশি বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়।
