মুক্তদেশ ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হিসেবেই বহাল থাকছেন। ফলে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ১২ এর দফা (১) ও উপ দফা (ঠ) অনুযায়ী মনোনয়ন দাখিলের পূর্বের দিন পর্যন্ত ঋণখেলাপি হিসাবে বহাল থাকায় তার নির্বাচনে অংশ নেয়ার আর কোন সুযোগ নেই।
জানা গেছে, রোববার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি রেজাউল হকের চেম্বারে তার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ২৯ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন। ফলে ২৮ ডিসেম্বর মনোনয়ন দাখিলের পূর্বের দিনে তিনি ঋণখেলাপি হিসাবে বহাল থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নেয়ার আর কোন সুযোগ থাকলো না বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।
রোববার শুনানিতে বাদীপক্ষে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আহসানুল করিম ও অ্যাডভোকেট মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ উজ্জ্বল হোসাইন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল হোসাইন জানান, ১২ এর দফা (১), উপ দফা (ঠ) অনুযায়ী মাহমুদুর রহমান মান্না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। মনোনয়ন দাখিলের আগের দিন হওয়া শুনানিতে মহামান্য আপিল বিভাগ কোন আদেশ না দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করায় বাদী মান্না ঋণখেলাপি থেকে গেলেন। ফলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।
