মুক্তদেশ ডেস্ক:
চাঁদ প্রতিবছর পৃথিবী থেকে একটু একটু দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। এটা কোনো ক্লিকবেট লেখার শিরোনাম নয়, আসলেই চাঁদ দূরে সরছে। চাঁদ প্রতিবছর আমাদের থেকে প্রায় দেড় ইঞ্চি বা ৩ দশমিক ৮ সেন্টিমিটার করে দূরে চলে যায়। কিন্তু কেন? চাঁদ নিজের নিয়মে দূরে সরছে। কেন দূরে যাচ্ছে, তা জানার আগে জানতে হবে, চাঁদটা যে দূরে চলে যাচ্ছে, তা বিজ্ঞানীরা বোঝেন কীভাবে? তা ছাড়া চাঁদ তো সরছে মাত্র দেড় ইঞ্চি, এই সূক্ষ্ম হিসাবটা বিজ্ঞানীরা কীভাবে করেন?
আসলে এই ব্যাপারটা বুঝতে বিজ্ঞানীরা লেজারের আলো ব্যবহার করেন। অনেক বছর আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো মিশনের নভোচারীরা চাঁদের বুকে কয়েকটি আয়না রেখে এসেছিলেন। পৃথিবী থেকে বিজ্ঞানীরা সেই আয়নায় শক্তিশালী লেজারের আলো ফেলেন। সেই আলো চাঁদে রাখা আয়নায় বাধা পেয়ে ফিরে আসে পৃথিবীতে। সেই আলো ফিরে আসতে কত সেকেন্ড সময় লাগে, তা মেপে বিজ্ঞানীরা নিখুঁতভাবে চাঁদের দূরত্ব বের করেন।
আবার চাঁদের কক্ষপথ কিন্তু পুরোপুরি গোল নয়। এটি কিছুটা ডিম্বাকৃতির। তাই মাসের বিভিন্ন সময়ে পৃথিবীর সঙ্গে এর দূরত্ব কিছুটা কমে ও বাড়ে। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন আকাশে অনেক বড় দেখায়। একেই আমরা বলি সুপারমুন।
